মার্কিন বিমানে হামলা করবে আল-কায়েদা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মাসে লন্ডন অলিম্পিক চলাকালে বোমার বিস্ফোরণ ঘটিয়ে একটি মার্কিন বিমান উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে আল-কায়েদা। এ ষড়যন্ত্র সফল করতে নরওয়ের একজন ধর্মান্তরিত নাগরিককে নিয়োগ করা হয়েছে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে গতকাল রোববার দ্য সানডে টাইমসে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়। আজ সোমবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।দ্য সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়, আল-কায়েদার প্রশিক্ষণ পাওয়া নরওয়ের ওই নাগরিকের নাম মুসলিম আবু আবদুর রহমান। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। অতীতে সন্ত্রাসী কর্মকাণ্ডের নথিবদ্ধ রেকর্ড নেই তাঁর। ২০০৮ সালে তিনি ধর্মান্তরিত হন ও উগ্রপন্থী হয়ে ওঠেন। পরে তিনি ইয়েমেনে চলে যান। সেখানে তিনি কয়েক মাস প্রশিক্ষণ নেন।প্রতিবেদনে বলা হয়, আরব উপদ্বীপের আল-কায়েদার এই ষড়যন্ত্র মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থার মধ্যে ভীতি সৃষ্টি করেছে।পত্রিকাটি আরও জানায়, ধারণা করা হয়, গত মাস পর্যন্ত মুসলিম আবু আবদুর রহমান আরব উপদ্বীপের আল-কায়েদার দীর্ঘ দিনের শক্ত ঘাঁটি আজ্জান শহরে ছিলেন। এরপর তিনি উপদ্বীপের উত্তরাঞ্চলীয় শহর দামমাজে চলে যান।২০০৯ সাল থেকে এখন পর্যন্ত এ ধরনের সন্ত্রাসী হামলার চারটি ষড়যন্ত্রের কথা আগেই শনাক্ত করতে পেরেছে গোয়েন্দা বাহিনী। হোয়াইট হলের একজন কর্মকর্তা বলেন, ‘অলিম্পিককে সামনে রেখে সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্র চলছে।’ গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, সর্বশেষ এই ষড়যন্ত্রকে আল-কায়েদার মার্কিন বিমান উড়িয়ে দেওয়ার অভিলাষের অংশ হিসেবে দেখা হচ্ছে। তাঁর বলেন, আল-কায়েদার ইতিহাসে যুক্তরাজ্যকে লক্ষ্য করে এ ধরনের হামলার নজির নেই। তাই বলে ব্রিটিশ নাগরিকেরা যে নিরাপদ, তা নয়।