মার্কিন রক্ষণশীলদের নতুন অধিকার আন্দোলনে রাজনীতিবিদেরা চিন্তিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে ‘টি-পার্টি’ নামে রক্ষণশীলদের নতুন নাগরিক অধিকার আন্দোলন রাজনীতিবিদদের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মাত্র দুই বছরেরই পুরো যুক্তরাষ্ট্রে এ আন্দোলনের বিস্তৃতি ঘটেছে। এই রক্ষণশীল আন্দোলন ওয়াশিংটনের রাজনৈতিক দৃশ্যপটও বদলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির মূলধারায় সংবাদমাধ্যমে টি-পার্টি এখন প্রধান একটি আলোচ্য বিষয়।‘টি-পার্টি’ বা ‘চা-চক্র’ মার্কিন রাজনৈতিক অঙ্গনে কোনো বন্ধু-বত্সল আপ্যায়নের নাম নয়। নানা কারণে সরকারি নীতি কৌশলে হতাশ-ক্ষুব্ধ নাগরিকদের আন্দোলনেরই অপর নাম। টি-পার্টির নামে যুক্তরাষ্ট্রে নগর-মহানগরে সমবেত ব্যক্তিরা চা পানের বদলে তাদের হাতে থাকে ব্যানার ও ফেস্টুন। মুখে ক্ষুব্ধ স্লোগান।১৭৭৩ সালে বর্তমান ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন নগরে টি-পার্টি নামক আন্দোলনটি হয়েছিল। আমদানি করা চা পাতায় ব্রিটিশ ঔপনিবেশিকেরা বাড়তি কর আরোপ করেছিল। তখন তত্কালীন মার্কিনিরা চা পাতার বাক্স সমুদ্রের পানিতে ফেলে প্রতিবাদ জানান। ইতিহাসে এ ঘটনা বোস্টন টি-পার্টি নামে পরিচিত। ওই বোস্টন ‘টি-পার্টি’ থেকে ঔপনিবেশিকদের কর আরোপের বিরুদ্ধে ব্যাপক নাগরিক আন্দোলনের সূচনা ঘটেছিল। মার্কিন জনগণের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের ইতিহাসে বোস্টন টি-পার্টি এখনো আলোচিত হয়।একুশ শতকের টি-পার্টি শুরু হয়েছে ২০০৯ সালের গোড়ার দিকে। প্রেসিডেন্ট বারাক ওবামার ক্ষমতা গ্রহণের পর থেকেই রক্ষণশীল ঘরানার ক্ষুব্ধ লোকজনের অসংগঠিত প্রতিবাদ শুরু হয়। ২০০৯ সালের ২৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ৪০টি নগরে একযোগে টি-পার্টির সমাবেশ অনুষ্ঠিত হয়। সরকারি ব্যয়বাহুল্য এবং কর আরোপ ও রাষ্ট্রীয় ঘাটতির প্রতিবাদে এসব সমাবেশ নিছকই কিছু ক্ষুব্ধ লোকজনের অসংগঠিত প্রয়াস বলে মনে করা হয়েছিল। গত বছর প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর সংস্কার উদ্যোগ নিয়ে প্রচার অব্যাহত রাখেন। ডেমোক্র্যাট আইনপ্রণেতারা নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রেসিডেন্টের কর্মসূচির সমর্থনে সভা-সমাবেশ শুরু করেন। তখন প্রতিটি স্থানীয় সভায় টি-পার্টির নামে স্থানীয় ক্ষুব্ধ লোকজনকে নিজ নিজ উদ্যোগে উপস্থিত হতে দেখা যায়। অর্থনৈতিক মন্দায় কর্মহীন, গৃহঋণে জর্জরিত মধ্যবিত্ত হতাশ ক্ষুব্ধ লোকজনের সমাবেশ দিনে দিনে লক্ষণীয় হয়ে ওঠে। রিপাবলিকান দলের লোকজনকে এ আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তা দিতে দেখা যায়।পরিবর্তন ও প্রত্যাশার কথা বলে প্রেসিডেন্ট ওবামা দ্রুত তাঁর সংস্কার কর্মসূচি বাস্তবায়নে উদ্যোগী হন। জনগণের আকাঙ্ক্ষায়ও দ্রুত পরিবর্তন লক্ষণীয় হয়ে ওঠে। রক্ষণশীল সংবাদমাধ্যমে শুরু থেকেই টি-পার্টি আন্দোলন ব্যাপক প্রচার পেতে শুরু করে। আন্দোলন শুরুর এক বছরের মাথায় ম্যাসাচুসেটস উপনির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীর পরাজয় ঘটে। সিনেটর পদে নির্বাচিত হয়ে আসেন স্কট ব্রাউন। তাঁর নির্বাচনে টি-পার্টি আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়। স্কট ব্রাউনের বিজয়কে টি-পার্টি আন্দোলনের প্রথম বিজয় বলে মার্কিন সংবাদমাধ্যমগুলো মন্তব্য করে। নিউইয়র্ক টাইমস-এর মতে, স্কট ব্রাউনের বিজয়ের মধ্য দিয়ে এ যুগের টি-পার্টি আন্দোলনের রাজনৈতিক সাফল্য সূচিত হয়েছে। পত্রিকাটির প্রতিবেদক ডেভিড বারসটোর মতে, তৃণমূল পর্যায়ের নানা ঘরানার লোকজনই এখন টি-পার্টির সঙ্গে ক্রমশ সম্পৃক্ত হচ্ছে। রাজনৈতিক মতাদর্শ ছাড়াও মন্দাক্রান্ত অর্থনীতি, ক্ষুব্ধ-হতাশ লোকজনের ব্যাপক সমাগম ঘটছে এ আন্দোলনে। টি-পার্টি আন্দোলনে বর্ণবৈষম্য কাজ করছে বলে সমালোচনা হচ্ছে। অভিবাসন-বিরোধী হিসেবে পরিচিত সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান টম টেনক্রেডো নোমাভিল নগরের টি-পার্টি কনভেনশনে বক্তব্য রেখেছেন। সেখানে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে অতীত দিনের নিয়ন্ত্রিত ভোট পদ্ধতি চালু থাকলে বারাক ওবামা নির্বাচিত হওয়ার কোনো সুযোগ ছিল না। টম টেনক্রেডো বলেন, অনেক লোক ইংরেজিতে ভোট উচ্চারণ করতে পারে না। তারাই ভোট দিয়ে বারাক হোসেইন ওবামার মতো সমাজতন্ত্রীকে হোয়াইট হাউসে পাঠিয়েছে।জরিপে দেখা যায়, প্রধান দুটি রাজনৈতিক দল ডেমোক্র্যাট ও রিপাবলিকান পার্টির চেয়ে টি-পার্টি আন্দোলনের প্রতি মার্কিন জনগণের সমর্থন বেশি। নিউইয়র্ক টাইমস গত ১২ ফেব্রুয়ারি এ সংক্রান্ত এক প্রতিবেদনে লিখেছে, ৫৬ শতাংশ আমেরিকান মাথাভারী সরকার কাঠামোর বিপক্ষে। জনগণের এ অবস্থান টি-পার্টি আন্দোলনের জন্য সহায়ক হবে বলে টাইমস তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। ওয়াশিংটন পোস্ট পত্রিকা তাদের পরিচালিত জরিপের ফলাফলে বলেছে, অধিকাংশ আমেরিকানেরই টি-পার্টি সম্পর্কে কোনো ভালো ধারণা নেই। তবে ৪৫ শতাংশ জনগোষ্ঠী এ আন্দোলনের কোনো না কোনো বিষয় সমর্থনযোগ্য মনে করে। রক্ষণশীল বুদ্ধিজীবীরা টি-পার্টি আন্দোলনকে একুশ শতকের নাগরিক অধিকার আন্দোলন বলে উল্লেখ করছেন।নিউজ ইউক পত্রিকার সম্পাদক জন মিচেম বলেছেন, টি-পার্টি আন্দোলন মূল মার্কিন চেতনাকে পুনরুজ্জীবিত করবে। নিউইয়র্ক টাইমস এবং সিবিএসের জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ১৮ শতাংশ লোকজন এখন টি-পার্টি আন্দোলনের সরাসরি সমর্থক। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদক লিজ সিডটির মতে, টি-পার্টি আন্দোলনে ক্রমশ উদারনৈতিক ও রক্ষণশীলদের সংমিশ্রণ ঘটছে।উদারনৈতিক রাজনৈতিক কর্মসূচিই টি-পার্টি আন্দোলনের আক্রমণের শিকার। যুক্তরাষ্ট্রের আগামী মধ্যবর্তী নির্বাচনে অনেক উদারনৈতিক আইনপ্রণেতার রাজনৈতিক ভাগ্য অনিশ্চিত বলে মনে করা হচ্ছে। ডেমোক্র্যাটদের মতো, উদারনৈতিক রিপাবলিকানরাও এখন টি-পার্টি আন্দোলন নিয়ে শঙ্কিত। জনগণের সমস্যা সমাধানে বিলম্বিত প্রয়াস টি-পার্টি আন্দোলনকে আরও বেগবান করবে বলে রাজনৈতিক ভাষ্যকারেরা মনে করছেন।