মার্কিন রণতরী পারস্য উপসাগরেই থাকবে: পেন্টাগন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরীর নিয়মিত অবস্থান অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বিমানবাহী জাহাজকে পারস্য উপসাগরে ফিরে আসার ব্যাপারে ইরানের সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আতাউল্লাহ সতর্ক করে দেন। এর প্রতিক্রিয়ায় গতকাল মঙ্গলবার পেন্টাগন জানায়, ওই কৌশলগত নৌপথে তারা তাদের নিয়মিত কাজ অব্যাহত রাখবে। পেন্টাগনের মুখপাত্র জর্জ লিটল গতকাল মঙ্গলবার বলেছেন, সমুদ্র বাণিজ্য নিশ্চিত করতে আন্তর্জাতিক আইন অনুসরণ ও তা মেনে কৌশলগত ওই নৌপথে যুক্তরাষ্ট্র তাদের নিয়মিত পর্যবেক্ষণ কাজ অব্যাহত রাখবে। হরমুজ প্রণালিতে ইরানের সামরিক মহড়ার কারণে মার্কিন বিমানবাহী জাহাজ পারস্য উপসাগর থেকে ওমান সাগরে চলে যায়। ওই জাহাজ পারস্য উপসাগরে যেন আর ফিরে না আসে এ ব্যাপারে সতর্কতা উচ্চারণ করে ইরান। এদিকে হরমুজ প্রণালি বন্ধে ইরানের হুমকিকে নাকচ করে দিয়েছে হোয়াইট হাউস। ইরানের এ হুমকিকে তাদের দুর্বলতা বলে উল্লেখ করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র জে কানি। তিনি জানান, আন্তর্জাতিক বিচ্ছিন্নতার কারণে ইরানের পরমাণু কর্মসূচি চাপের মুখে পড়েছে। তাই তারা এ ধরনের হুমকি দিচ্ছে।হরমুজ প্রণালিতে গত বছরের ২৪ ডিসেম্বর থেকে ইরানের নৌবাহিনীর সামরিক মহড়া শুরু হয়। ১০ দিনব্যাপী চলা ওই মহড়া গত সোমবার শেষ হয়। মহড়ার শেষ দুই দিনে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। ওই প্রণালি বন্ধে নতুন কৌশলের অংশ হিসেবে এ মহড়া চালানো হয় বলে ইরান জানায়। তবে হরমুজ প্রণালিতে পশ্চিমা তেলবাহী জাহাজ চলাচলের পথ বন্ধ করে দেওয়ার হুমকি থেকে সরে এসেছে ইরান। নৌবাহিনীর মহড়ার শেষভাগে ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরপরই এমন বক্তব্য দেয় ইরান।