মার্কিন রাজনীতিতে ইউয়ান ঝড়
ডলারের বিপরীতে শক্তিশালী হয়ে উঠছে চীনের মুদ্রা ইউয়ান। গত তিন বছরে ডলারের চেয়ে ইউয়ানের মান ২০ শতাংশের বেশি বেড়েছে। এতে একদিকে যেমন চীনের বাণিজ্যঘাটতি কমেছে, ঠিক তেমনিভাবে বেড়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যঘাটতির পরিমাণ। এতে দিশেহারা মার্কিন প্রশাসন।তবে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে চলতে থাকা উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে মার্কিন সিনেটে আনা বিতর্কিত একটি বিল। ওই বিলের মাধ্যমে চীনকে ইউয়ানের মান পুনর্নির্ধারণের ব্যাপারে চীনের ওপর চাপ সৃষ্টি করতে চায় যুক্তরাষ্ট্র।এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চীনের মুদ্রানীতির কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ‘চীন বাণিজ্য-বিনিময়ের ক্ষেত্রে দিন দিন আগ্রাসী হয়ে উঠছে।’ আগামী নির্বাচনের জন্য ওবামা যখন প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই ইউয়ানের শক্তিশালী হয়ে ওঠাকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে।এইচএসবিসি ব্যাংকের এশিয়ার বিনিয়োগ প্রধান অর্জুন মহেন্দ্র যুক্তরাষ্ট্রের ওই বিল উত্থাপনকে ভবিষ্যত্ বিশ্ব অর্থনীতির জন্য একটি বড় হুমকি বলে মনে করেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এতে ১৯৩০ সালের মহামন্দার মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে। যদিও চীনের পর্যবেক্ষকেরা এই পরিস্থিতিকে একই সঙ্গে ঝুঁকি ও সম্ভাবনা হিসেবে দেখছেন। মুদ্রানীতির এই প্রতিযোগিতায় বিশেষজ্ঞরা চীনকেই এগিয়ে রাখছেন। রয়টার্স।