মার্কিন রাষ্ট্রদূতকে ডিম-টমেটো নিক্ষেপ, নিন্দা হিলারির
সিরিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট ফোর্ডের ওপর প্রেসিডেন্ট বাশার আল আসাদ সমর্থকদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। হিলারির বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।গতকাল বৃহস্পতিবার সিরিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট ফোর্ডকে লক্ষ্য করে প্রেসিডেন্ট আসাদের সমর্থকেরা টমেটো, ডিম ও পাথর নিক্ষেপ করে। দেশটির রাজধানী দামেস্কে সরকারবিরোধী আরব সোশ্যালিস্ট ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টির নেতা হাসান আবদুল আজিমের সঙ্গে সাক্ষাত্ করতে গেলে তিনি এই পরিস্থিতিতে পড়েন।মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ফোর্ডকে লক্ষ্য করে শতাধিক আসাদ সমর্থক সজোরে টমেটো, ডিম ও পাথর নিক্ষেপ করে। হামলাকারীরা ছিল সহিংস। রাষ্ট্রদূত ফোর্ড অক্ষত থাকলেও দূতাবাসের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত কয়েক মাস ধরে সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলন চলছে। বিরোধীদের দমনে আসাদ অনুগত বাহিনীর শক্তি ব্যবহার করছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এ সহিংসতায় এখন পর্যন্ত দুই হাজার ৭০০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে রয়েছে সিরিয়া। এদিকে সিরিয়ার কর্তৃপক্ষ আজ শুক্রবার জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলীয় শহর রাস্তানে সরকারবিরোধীরা সশস্ত্র প্রতিরোধ শুরু করেছে। বিরোধীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে। এতে সাত সেনা এবং পুলিশ নিহত হয়েছে।