মার্কিন শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনে ড্রোন হামলায় নিহত তিন মার্কিন নাগরিকের স্বজনেরা পেন্টাগন ও সিআইএর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছেন। বিবিসি অনলাইনে গতকাল বুধবার প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।গত বছরের সেপ্টেম্বরে মার্কিন নাগরিক আনোয়ার আল আওলাকি ও সামির খান এবং অক্টোবরে আওলাকির ১৬ বছর বয়সী ছেলে ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় নিহত হয়। আনোয়ারের বাবা নাসের আল আওলাকি ও সামির খানের মা সারা খান ওই মামলা করেন। নিহত তিনজনের স্বজনেরা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিওন পেনেট্টা, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক ডেভিড পেট্রাউস, মার্কিন বিশেষ অভিযানের অধিনায়ক অ্যাডমিরাল উইলিয়াম ম্যাকরাভেন ও লেফটেন্যান্ট জেনারেল জোসেফ ভোটেলের বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণ দাবি করেছেন। মামলার আরজিতে অভিযোগ করা হয়, এই হত্যাকাণ্ড অসাংবিধানিক। অভিযুক্ত ব্যক্তিরা এ হামলা পরিচালনা ও অনুমোদন দেওয়ায় তাঁদের বিবাদী করা হয়েছে। আরজিতে বলা হয়, সঠিক আইনি প্রক্রিয়ার বাইরে কারও জীবন কেড়ে নেওয়ার এই পদক্ষেপ মার্কিন নাগরিকদের জন্য সংরক্ষিত মৌলিক অধিকারের লঙ্ঘন। দ্য সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস ও আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন নামের দুটি প্রতিষ্ঠান মামলার বাদীদের আইনি সহায়তা দিচ্ছে বলে জানানো হয়েছে। আনোয়ার আল আওলাকির জন্ম যুক্তরাষ্ট্রের মেক্সিকোতে। তিনি ইয়েমেনভিত্তিক আল-কায়েদার প্রধান ছিলেন। তাঁর ছেলের জন্ম কলোরাডোতে। সামির খানও মার্কিন নাগরিক ছিলেন। আল-কায়েদার একটি ইংরেজি ভাষার সাময়িকীর সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ ছিল।