জিএসপি বাতিল নিয়ে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর নিবন্ধ
মার্কিন শ্রমিক ফেডারেশনকে দোষারোপ
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অবাধ বাজার-সুবিধা (জিএসপি) বাতিল নিয়ে যুক্তরাষ্ট্রের সর্বাধিক প্রচারিত দৈনিক ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর যুক্তরাষ্ট্র সংস্করণে আজ মঙ্গলবার এক নিবন্ধ প্রকাশিত হয়েছে। অস্ট্রেলীয়-মার্কিন ধনকুবের রুপার্ট মার্ডকের মালিকানাধীন ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এ নিবন্ধে জিএসপি বাতিলের জন্য যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ট্রেড ইউনিয়ন ফেডারেশন এএফএল-সিআইওকে দায়ী করা হয়েছে। একই সঙ্গে পোশাকশ্রমিকদের জীবনমানের উন্নয়নে মার্কিন সরকারের পদক্ষেপ কোনো গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে না বলে নিবন্ধে মতপ্রকাশ করা হয়েছে। ট্রেড ইউনিয়ন ও শ্রমিক অধিকারের কট্টর বিরোধী দৈনিক ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এ ‘পানিশিং বাংলাদেশ’ শিরোনামের ওই নিবন্ধে আরও বলা হয়, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য যুক্তরাষ্ট্রের সরকার চাপ প্রয়োগের যে পথ বেছে নিয়েছে, সেটি ভুল। নিবন্ধটির ভাবানুবাদ এখানে তুলে দেওয়া হলো: ওবামা প্রশাসন বাংলাদেশ নামের যে শক্তিশালী রাষ্ট্রটিকে শাস্তি দিতে চাইছিল, তা পেরেছে। এর মধ্য দিয়ে গত সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি রপ্তানি পণ্যের একটি ক্ষুদ্র অংশের শুল্কমুক্ত প্রবেশাধিকার স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য-বিষয়ক প্রতিনিধি মাইকেল ফ্রোম্যান বলেন, এর লক্ষ্য হলো ‘বাংলাদেশি শ্রমিকদের নিরাপদ ও যথাযথ কর্মস্থল’ নিশ্চিত করা। তবে কার্যত এর মধ্য দিয়ে অন্যান্য শ্রমিকদের ওপরে চাপ বাড়বে এবং এএফএল-সিআইওর (মার্কিন ট্রেড ইউনিয়ন ফেডারেশন) একটি বিজয় সাধিত হলো।২০০৭ সাল থেকে এই ‘মহান’ শ্রমিক সংগঠনটি যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অবাধ বাজার সুবিধা (জিএসপি) বাতিলের আবেদন করে আসছিল। জিএসপির শর্তানুযায়ী, অনুন্নত দেশগুলো যুক্তরাষ্ট্রে বিনা শুল্কে পণ্য বাজারজাত করার সুযোগ পেত। গত এপ্রিলে রানা প্লাজায় টেক্সটাইল ফ্যাক্টরি ধসে এক হাজার ১০০ জনের বেশি মানুষ মারা যাওয়ার পর এএফএল-সিআইও ও কংগ্রসের এর মিত্ররা জিএসপি বাতিলের জন্য একটি রাজনৈতিক ছুতা খুঁজে বের করে।অর্থনৈতিক ও নৈতিক যুক্তিকে অগ্রাহ্য করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, শ্রমিক আন্দোলনের কোপানলের শিকার টেক্সটাইল খাত জিএসপি সুবিধার অন্তর্ভুক্ত নয়। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মোট রপ্তানি পণ্যের ৯০ শতাংশের বেশি হলো তৈরি পোশাক এবং এর জন্য এসব পণ্যতে ১৫ শতাংশ শুল্ক দিতে হয়। জিএসপি বাতিলের পরও এর কোনো ব্যত্যয় হবে না। পোশাকের ওপর শুল্ক বাড়ানোর মধ্য দিয়ে টেক্সটাইল শিল্পে নিরাপত্তার মান নিশ্চিত হয় না এবং অন্য পণ্যের ওপর শুল্ক বাড়ানোর ফলে সে সব শিল্প খাতের লাভ কমে আসবে এবং শেষে শ্রমিকদের জন্য নিরাপত্তার ব্যবস্থা কমাতে বাধ্য হবে।পোশাকের ওপরে শুল্ক আরোপ করে সর্বোচ্চ যা হবে, তা হলো উন্নয়নের সোপানে বাংলাদেশের আরোহণ আরও বিলম্বিত হবে। সেলাইয়ের কাজের জন্য যেহেতু শক্তির চেয়ে নিপুণতা বেশি দরকার, তাই গ্রাম থেকে শহরে আসা মানুষেরাই এর জন্য যোগ্য লোক হয়। এ জন্য এ ক্ষেত্রে নারীরা বেশি সুবিধা পায়। এখন পর্যন্ত বাংলাদেশি শ্রমিকেরা বিশ্বে সবচেয়ে কম মজুরি পান। চীনের মতো যেসব দেশ এ পথ মাড়িয়েছে, তাদের অভিজ্ঞতা থেকে এটা বলা যায় যে, বর্তমান সংকট অস্থায়ী। গত দুই দশকে বাংলাদেশে দরিদ্রের সংখ্যা ৭০ শতাংশ থেকে কমে ৪০ শতাংশ হয়েছে। বেকার শ্রমিকেরা কাজ পেয়ে গেলে প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়বে, দক্ষতা বাড়লে উত্পাদনও বাড়বে, একই সঙ্গে বাড়বে মজুরি।বাংলাদেশের দ্রুত বিকাশমান একটি শিল্পের জন্য নিরাপত্তা সমস্যা একটি দুঃখের ব্যাপার। এ শিল্প বিকাশের গতির সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে সরকার ও সমাজ। শিল্পকারখানা নিয়ন্ত্রণের জন্য এবং দুর্নীতি বন্ধে বাংলাদেশ সরকারের সাহায্য প্রয়োজন। তবে এর মধ্যে এটা ভুলে গেলে চলবে না যে, সত্যিকার অর্থে এসব কারখানা দেশটির জন্য আশীর্বাদ এবং একে উত্সাহিতই করা প্রয়োজন। উন্নয়নশীল দেশটির শ্রমিকদের জীবনমানের উন্নতির জন্য ওয়াশিংটন যা করতে পারত তা হলো, পোশাকের ওপর থেকে আরোপিত শুল্ক তুলে নিয়ে এ খাতটিকে জিএসপির অন্তর্ভুক্ত করা। বাংলাদেশের মতো দেশগুলো যদি সহজে পোশাক রপ্তানি করতে পারত, তবে তাদের শিল্পায়ন হতো আরও দ্রুত। এসব দেশের গতি কমিয়ে দিলে কেবল সরকারগুলোকেই শাস্তি দেওয়া হবে এবং যা অর্জন হবে তা হলো এএফএল-সিআইওর মতো পশ্চাৎপদতার।