কর্নেল তাহেরের গোপন বিচার সম্পর্কে বক্তব্য দিতে মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজ বাংলাদেশে আসছেন। আগামী দুই সপ্তাহের মধ্যে তাঁর ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে।আজ মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ. মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চকে বিষয়টি অবহিত করা হয়। কাল মঙ্গলবার তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলোকে বলেন, লরেন্স লিফশুলজের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি দুই সপ্তাহের মধ্যে ঢাকায় আসতে পারেন বলে জানিয়েছেন। বিষয়টি আদালতকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।এর আগে হাইকোর্টের এই বেঞ্চকে ই-মেইলে বক্তব্য পাঠান লরেন্স লিফশুলজ। সেখানে বলা হয়, মেজর জেনারেল মঞ্জুর নিশ্চিতভাবে জানতেন কথিত ওই বিচার শুরু হওয়ার আগেই জিয়া ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন তাহেরকে ফাঁসি দেওয়া হবে। ওই সময় জিয়ার ঘনিষ্ঠ ছিলেন এমন দুজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাও এই বিষয়ে আমাকে নিশ্চিত করেছেন। ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ই-মেইলে তাঁর পাঠানো পাঁচ পৃষ্ঠার বক্তব্য তুলে ধরেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।এর আগে ২০ জানুয়ারি হাইকোর্ট লে. কর্নেল এম এ তাহেরের গোপন বিচার সম্পর্কে বক্তব্য দিতে মার্কিন সাংবাদিক লিফশুলজকে অনুরোধ জানান। এ বিষয়ে রাষ্ট্রপক্ষ ও পররাষ্ট্রসচিবকে যোগাযোগ করতে বলা হয়। এ নিয়ে সংশ্লিষ্টরা তাঁর সঙ্গে যোগাযোগ করেন। এরই ধারাবাহিকতায় লরেন্স লিফশুলজ ই-মেইলে রাষ্ট্রপক্ষের বরাবর তাঁর বক্তব্য পাঠান। ১৯৭৬ সালে কর্নেল তাহেরসহ অন্যদের গোপন বিচার চলাকালে মার্কিন এই সাংবাদিককে দেশ থেকে বহিষ্কার করা হয়।প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার তাহেরসহ ১৭ জনকে বিশেষ সামরিক ট্রাইব্যুনালের গোপন বিচারে ১৯৭৬ সালের ১৭ জুলাই সাজা দেওয়া হয়। এরপর ২১ জুলাই ভোররাতে কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর করা হয়। কর্নেল তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে কর্নেল তাহেরের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুত্ফা তাহের এবং সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ গত বছরের আগস্ট হাইকোর্টে রিট আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে তাহেরের বিচারের জন্য সামরিক আইনের মাধ্যমে জারি করা আদেশ এবং এর আওতায় গোপন বিচার ও ফাঁসি কার্যকর করাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।