লে. কর্নেল এম এ তাহেরের গোপন বিচার সম্পর্কে বক্তব্য দিতে মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজকে অনুরোধ জানিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ অনুরোধ জানান। ২৬ জানুয়ারির মধ্যে সুবিধাজনক সময়ে তাঁকে বক্তব্য উপস্থাপন করতে বলা হয়েছে।শুনানিতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, ওই সময় লরেন্স লিফশুলজ তাহেরের বিচার পর্যবেক্ষণ করেন। তাঁর বক্তব্য শোনা হলে অনেক অজানা তথ্য পাওয়া যাবে। এ পরিপ্রেক্ষিতে আদালত লিফশুলজকে আসার অনুরোধ জানান। এ বিষয়ে রাষ্ট্রপক্ষ ও পররাষ্ট্রসচিবকে তাঁর সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়।এদিকে আদালতের নির্দেশ অনুসারে ঢাকার জেলা প্রশাসক মহিবুল হক গতকাল হাইকোর্টে হাজির হন। এ ছাড়া আদালতের আহ্বানে সাড়া দিয়ে তাহেরের সঙ্গে বিচারের মুখোমুখি হওয়া তৎকালীন করপোরাল আবদুল মজিদ আদালতে বক্তব্য দেন। জেলা প্রশাসক মহিবুল হক আদালতে বলেন, নিয়ম অনুসারে রায়ের অনুলিপি জেলা প্রশাসকের কার্যালয়ে আসার কথা। কিন্তু এ ক্ষেত্রে তিনি রায়ের কপি তাঁর কার্যালয়ে খুঁজে পাননি। বেসামরিক প্রশাসনকে বিষয়টি না জানিয়েই মামলার কার্যক্রম চালানো হয়েছে। এটা আইনের বিচ্যুতি।করপোরাল মজিদ বলেন, ক্ষমতাকে কুক্ষিগত করতে জিয়াউর রহমান এটা করেছেন। মুক্তিযুদ্ধবিরোধীদের খুশি করতে এটা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।প্রসঙ্গত, ১৯৭৬ সালের ১৭ জুলাই সামরিক আদালতের গোপন বিচারে লে. কর্নেল তাহেরকে সাজা দেওয়া হয়। ওই বছরের ২১ জুলাই ভোরে তাহেরের ফাঁসি কার্যকর হয়। গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে তাঁর ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুৎফা তাহের ও সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরেক ভাই প্রয়াত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ গত বছরের আগস্টে হাইকোর্টে রিট করেন।