মার্কিন সামরিক আদালতে সেই ম্যানিং (ভিডিও)
যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর তথ্য ফাঁস করে সারা বিশ্বে ঝড় তোলে ভিন্ন ধারার গণমাধ্যম উইকিলিকস। আর এসব তথ্য সরবরাহের পেছনে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রেরই ব্রাডলি ম্যানিং নামের এক সেনা। অভিযুক্ত ম্যানিংকে বিচারের জন্য আজ শুক্রবার মার্কিন সামরিক আদালতে হাজির করা হয়।ইরাকে মার্কিন সেনা অভিযান চালানোর সময় ম্যানিং সেখানে দায়িত্বরত ছিলেন। আর সেই সময়ই ম্যানিং উইকিলিকসকে এসব তথ্য সরবরাহ করেছেন বলে সন্দেহ করছে যুক্তরাষ্ট্র। ‘শত্রুদের সহযোগিতা’ করার অপরাধে ২০১০ সালের জুনে ম্যানিংকে গ্রেপ্তার করা হয়।ব্রাডলি ম্যানিং সাপোর্ট নেটওয়ার্কের একজন অ্যাটর্নি হলেন কেভিন জিস। তিনি বলেন, ম্যানিং কোনো অপরাধ করেননি। বরং তিনি সত্য প্রকাশ করেছেন। এসব সত্য আরও আগে মানুষকে জানানো দরকার ছিল। বিচার তো দূরের কথা, সত্য প্রকাশের জন্য ম্যানিংকে পুরস্কৃত করা দরকার।গত এপ্রিলে ব্রাডলি ম্যানিং সাপোর্ট নেটওয়ার্কের পক্ষ থেকে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে যোগাযোগ করা হয়। তখন ওবামা বলেছিলেন, ‘তাকে মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নেই। এটা করলে আইন ভঙ্গ করা হবে। আমাদের সবাইকে আইন মেনে চলতে হয়। সে (ম্যানিং) আইন ভঙ্গ করেছে।’এ প্রসঙ্গে অ্যাটর্নি কেভিন জিস বলেন, ‘প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ম্যানিং অপরাধী। তিনি রাষ্ট্রের সর্বাধিনায়ক। আর সর্বাধিনায়কই একজন নাগরিককে অপরাধী বলেছেন, তাহলে ন্যায়বিচার কীভাবে আশা করা যায়।’এদিকে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বলেছেন, তিনি ম্যানিংকে চেনেন না। তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে বলেন, ম্যানিংকে অযথা হয়রানি করা হচ্ছে।২০০৭ সালে যুক্তরাষ্ট্র বাগদাদে বিমান হামলা চালায়। ওই হামলায় রয়টার্সের দুজন কর্মীসহ বহু মানুষ নিহত হয়। ম্যানিংয়ের বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি অবৈধভাবে স্পর্শকাতর ওই হামলার ভিডিওচিত্র ডাউনলোড করে সেগুলো ছড়িয়ে দিয়েছেন।তবে সামরিক আদালতে ম্যানিংয়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আবেদন জানানো হয়নি। দোষী প্রমাণিত হলে ম্যানিংকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হতে পারে।