মার্কিন সামরিক বাহিনীর ৯০ হাজার গোপন নথি প্রকাশ
উইকিলিকস নামের একটি ওয়েবসাইট সম্প্রতি মার্কিন সামরিক বাহিনীর ৯০ হাজার গোপন নথি প্রকাশ করে দিয়েছে। আফগান নাগরিক হত্যার বিস্তারিত বিবরণসহ অনেক অপ্রকাশিত তথ্য রয়েছে এই নথিপত্রে। ‘আফগান ওয়ার ডায়েরি’ নামে প্রকাশিত এসব নথি নিউইয়র্ক টাইমস, গার্ডিয়ান ও জার্মান সংবাদপত্র ডার স্পিগেলের কাছে হস্তান্তর করেছে উইকিলিকস।যুক্তরাষ্ট্রের ইতিহাসে গোপন সামরিক তথ্য ফাঁসের এটাই সবচেয়ে বড় ঘটনা। এটাকে খুবই ‘দায়িত্বহীন’ কাজ উল্লেখ করে যুক্তরাষ্ট্র বলেছে, এটা জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা জেন জেমস জোন্স একটা বিবৃতিতে বলেছেন, এ তথ্য ফাঁসের ঘটনা যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জন্য হুমকিস্বরূপ।আফগানিস্তান যুদ্ধে পাকিস্তান ও ইরানের ভূমিকা নিয়ে ন্যাটো উদ্বিগ্ন, এমন তথ্য প্রকাশিত হয়েছে এই প্রতিবেদনগুলোতে। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই আফগানযুদ্ধে তালেবানদের সরাসরি সাহায্য করছে—এমন তথ্য প্রকাশের পর পাকিস্তান কঠোরভাবে এ বক্তব্যের বিরোধিতা করেছে। এ ধরনের তথ্যে পাকিস্তান বিভ্রান্ত হবে না উল্লেখ করে ওয়াশিংটনে পাকিস্তানি রাষ্ট্রদূত হুসেইন হাক্কানি বিবিসিকে বলেছেন, ‘আমি মনে করি, তালেবান বিষয়ে পাকিস্তান কী ভূমিকা পালন করছে, সেটা আমেরিকান নেতারা খুব ভালোমতোই জানেন।’এর আগে উইকিলিকস একটি ভিডিও প্রকাশ করেছিল। সেখানে দেখা গেছে, মার্কিন সামরিক বাহিনী বাগদাদের নাগরিকদের হত্যা করছে। তবে এই ভিডিও বা নথিপত্রের প্রকৃত সূত্র জানায়নি উইকিলিকস। নিউইয়র্ক টাইমস ও গার্ডিয়ান এই তথ্যগুলোর সত্যতা যাচাই করার চেষ্টা করছে। বিবিসি