মার্কিন সেনাপ্রধানের বিমানে রকেট হামলা
আফগানিস্তানে গত সোমবার রাতে জঙ্গিদের রকেট হামলায় সফরে থাকা মার্কিন সেনাপ্রধান জেনারেল মার্টিন ডেম্পসের বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় সেনাপ্রধান সেখানে ছিলেন না। তবে হামলার ঘটনায় রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা দুজন সামান্য আহত হন। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জয়েন্টস চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্টিন ডেম্পসে সি-১৭ বিমান নিয়ে গতকাল সোমবার রাজধানী কাবুল থেকে ৩০ মাইল দূরে অবস্থিত বাগরাম বিমানঘাঁটিতে পৌঁছান। ন্যাটো বাহিনীর ওপর জঙ্গিদের হামলা বেড়ে যাওয়ার বিষয় নিয়ে কথা বলতেই তাঁর এই আফগানিস্তান সফর। রাতেই হামলার ঘটনা ঘটে।ন্যাটো বাহিনীর মুখপাত্র কর্নেল থমাস কলিন্স বলেন, হামলার সময় জেনারেল মার্টিন ডেম্পসে ঘটনাস্থলে ছিলেন না। তিনি আজ মঙ্গলবার অন্য একটি বিমানে করে বিমানঘাঁটি ত্যাগ করেছেন।এর আগে ২০১০ সালের মে মাসে বাগরাম বিমানঘাঁটিতে হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। ২০০৯ সালের জুন মাসে আরেকটি হামলায় দুজন মার্কিন সেনা নিহত হন।