মার্কিন হামলায় কয়েক শ আফগান শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় গত চার বছরে কয়েক শ শিশু নিহত হয়েছে। জাতিসংঘের তথ্যের বরাত দিয়ে দ্য ডন অনলাইনের খবরে এ কথা জানানো হয়। জেনেভাভিত্তিক জাতিসংঘের ‘কমিটি অন দ্য রাইটস অব দ্য চিলড্রেন’ ২০০৮ সাল থেকে পর্যবেক্ষণ করে মার্কিন হামলায় আফগান শিশুদের প্রাণহানি-সংক্রান্ত এ প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়, কেবল ২০১১ সালেই ১১০ জন শিশু নিহত ও ৬৮ জন আহত হয়েছে। জাতিসংঘের শিশু অধিকার-সংক্রান্ত এই কমিটি আফগানিস্তানে মার্কিন বাহিনীর বিমান হামলাসহ অন্যান্য হামলায় গত চার বছরে কয়েক শ শিশু নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন বাহিনীর পূর্বসতর্কতার অভাব ও নির্বিচারে সামরিক শক্তির ব্যবহারের কারণে আফগানিস্তানে এত শিশুর প্রাণহানি ঘটেছে।মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, তিনি এখনো প্রতিবেদনটি দেখেননি। প্রতিবেদনটি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।