১৯৭১ সালের জুলাই মাসের ১১ তারিখের (সূত্র বাল্টিমোর সান) সোনাঝরা এক দিন। সেদিন পাকিস্তানি জাহাজ এস এস পদ্মায় মার্কিন অস্ত্রের চালান তোলার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন স্যালি উইলোবি ও তাঁর সহযোদ্ধারা।সেই স্যালি উইলোবি গতকাল সোমবার প্রথম আলো কার্যালয়ে এসেছেন। আজ ৪০ বছর পর ৬৫ বছর বয়সী স্যালি যদিও ওই তারিখটি নিশ্চিতভাবে আর মনে করতে পারেন না, তবে সেদিন কীভাবে মার্কিন সরকারের ওই অন্যায়ের বিরুদ্ধে বাল্টিমোরে শতাধিক মানুষ প্রতিবাদ জানিয়েছিলেন, সেই গল্প শুনিয়েছেন।স্যালির ভাষায়, ‘আমার বয়স তখন ২৪। পড়াশোনা সবেমাত্র শেষ করেছি। এ সময় নানা মাধ্যমে পূর্ব পাকিস্তানে নিরীহ জনগণের ওপর পাকিস্তানি সৈন্যদের নৃশংসতার ভয়াবহ বর্ণনা পাচ্ছি। তখন আমরা জানতে পারি, মার্কিন প্রশাসন পাকিস্তানি শাসকদের অস্ত্র দিয়ে সাহায্য করছে। এবং এ রকম একটি অস্ত্রের চালান করাচিতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই পদ্মা নামের একটি পাকিস্তানি জাহাজ বাল্টিমোরের বন্দর অভিমুখে রওনা দিয়েছে। এই সংবাদে পূর্ব পাকিস্তানের স্বাধীনতার সমর্থনে গড়া ফিলাডেলফিয়াভিত্তিক সংগঠন ফ্রেন্ডস অব ইস্ট বেঙ্গলের সমর্থনে এগিয়ে আসে আমেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটির দি কোয়েকার সংগঠন। সিদ্ধান্ত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের এই অন্যায় নীতি ও পূর্ব পাকিস্তানে চলা গণহত্যায় ব্যবহার করা হবে—এ রকম কোনো অস্ত্রের চালান বাল্টিমোর বন্দর থেকে জাহাজে তুলতে দেওয়া হবে না।’এই কার্যক্রম সফল করতে নিজেদের মধ্যে দ্রুত দৃঢ় যোগাযোগ গড়ে তোলেন সংগঠন দুটোর সদস্যরা। শুরু হয় মার্কিন নীতি ও পদ্মায় অস্ত্রের চালান বোঝাই করার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি।এই আন্দোলনের ধারাবাহিকতায়ই ১৪ জুলাই খুদে কায়াক ও ক্যানোতে (ছোট ছোট নৌকা) করে স্যালি উইলোবি ও তাঁর সহযোদ্ধারা বাল্টিমোর বন্দরে নোঙর করা পাকিস্তানি জাহাজ পদ্মায় ওঠার জন্য রওনা দেন। সিদ্ধান্ত ছিল ৪০-৫০ জন প্রতিবাদকারী ছোট ছোট দলে কায়াকে চেপে জাহাজে ওঠার চেষ্টা করবেন। কিন্তু সেদিন জাহাজের কাছাকাছি তাঁরা পৌঁছাতে পারেননি। তার আগেই পুলিশ স্যালি উইলোবি, ওয়েন লাউজার, রিচার্ড টেইলর, মাল স্কট, স্টেফানি হলিম্যান ও চার্লস গুডউইনকে গ্রেপ্তার করে। বন্দরের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁদের এক রাত কারাগারে কাটাতে হয়। তবে শেষ পর্যন্ত প্রতিবাদের মুখে পদ্মায় মাল তোলার কাজ স্থগিত হয়ে যায়।এই ঘটনার সপ্তা দুয়েক পর স্যালি উইলোবি ও তাঁর সহযোদ্ধারা ফিলাডেলফিয়া বন্দরে আরেকটি পাকিস্তানি জাহাজ আল-অহমাদিতে অস্ত্রের চালান বোঝাইয়ের চেষ্টা সফলভাবে ঠেকিয়ে দেন। বাংলাদেশের শরণার্থীরা সুয়ারেজ পাইপের ভেতর মানবেতর জীবন যাপন করছিল—ওয়াশিংটনের হোয়াইট হাউসের সামনে কার্ডবোর্ড দিয়ে প্রতীকী সুয়ারেজ পাইপ বানিয়ে তার ভেতরে বসে প্রতিবাদ শুরু করেন তাঁরা। শরণার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য মেয়েরা শাড়ি পরে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়। দুই সপ্তাহ পালা করে সেই সুয়ারেজ পাইপে কাটিয়েছেন স্যালি ও তাঁর বন্ধুরা।প্রথম আলোর পক্ষ থেকে স্যালির কাছে জানতে চাওয়া হয়েছিল, কেন তিনি সেই প্রতিবাদে যোগ দিয়েছিলেন। জবাবে বললেন, ‘অন্যায় হবে, আমি চুপচাপ দাঁড়িয়ে দেখব, তা হতে পারে না। আমি বাংলাদেশ সম্পর্কে খুব বেশি কিছু জানতাম না। মার্কিন সরকার অন্যায় করছে, এ ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। আমরা জেনেছিলাম, ওই অস্ত্র পূর্ব পাকিস্তানের মানুষ হত্যায় ব্যবহার করা হবে। ফলে প্রতিবাদ তো জানাতেই হবে।’শান্তির পক্ষে এই অবস্থান তৈরিতে তাঁর পরিবারেরও বিশেষ ভূমিকা ছিল বলে জানান স্যালি। স্যালির বাবা জর্জ উইলোবি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। নির্যাতন সেলে জাপানিদের ওপর অত্যাচারের প্রতিবাদ করেছেন তিনি। আমেরিকার পারমাণবিক বোমার পরীক্ষার বিরুদ্ধেও একাধিকবার প্রতিবাদ জানিয়েছেন। তাঁর মা লিলিয়ান উইলোবি ৯০ বছর বয়সেও ইরাক যুদ্ধে মার্কিন সরকারের ভূমিকার সমালোচনা করে জেলে গেছেন। ১৯৬৫ সালে চীন-ভারত বিরোধ মেটাতে এই দম্পতি ভারতেও এসেছিলেন।পেশায় শিল্পী স্যালি অন্যায়ের বিরুদ্ধে এখনো লড়ে চলেছেন। তিনি আফগানিস্তানের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার বিরুদ্ধে সোচ্চার। কিউবায় গেছেন মার্কিন সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে।স্বাধীনতার ৪০ বছর পর বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়ে কেমন লেগেছে, জানতে চাইলে স্যালি বলেন, ‘আমি উচ্ছ্বসিত। আমি আবেগে আপ্লুত। বাংলাদেশ একটা চমৎকার দেশ। যেমন সুন্দর এই দেশ, তেমন সুন্দর এ দেশের মানুষ। শুধু যানজটটাই ভয়াবহ!’প্রথম আলোর পক্ষ থেকে যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, উপসম্পাদক আনিসুল হক, সহযোগী সম্পাদক সোহরাব হাসান, মিজানুর রহমান খানসহ জ্যেষ্ঠ সাংবাদিকেরা স্যালি উইলোবিকে বাংলাদেশে আসার জন্য ধন্যবাদ জানান।