মার্কিনপন্থী কেইব লিবিয়ার প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি) গতকাল সোমবার ত্রিপোলিতে দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আবদুল রেহমান আল কেইবকে নির্বাচিত করেছে। ত্রিপোলিকে সাংবাদিকদের সামনে অনুষ্ঠিত এ নির্বাচনে এনটিসির ৫১ সদস্যের মধ্যে কেইবের পক্ষে ২৬ ভোট পড়ে।বার্তা সংস্থা রয়টার্স জানায়, লিবিয়ায় অল্প পরিচিত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক কেইব যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন। পরে তিনি কাতার ও সংযুক্ত আরব আমিরাতে শিক্ষকতা করেছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি ব্যবসার সঙ্গেও যুক্ত। কেইব অধিকাংশ সময়ই লিবিয়ার বাইরে কাটিয়েছেন। এনটিসির কর্মকর্তারা কেইবকে শান্ত ও বন্ধুসুলভ বলে বর্ণনা করেছেন। এনটিসি জানিয়েছে, সদ্য সমাপ্ত গাদ্দাফিবিরোধী আন্দোলনে বিদ্রোহীদের অর্থের জোগান দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নতুন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী কেইব।অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় আবদুল রেহমান আল কেইব বলেছেন, ‘আমরা বিপ্লবীদের সালাম জানাই এবং স্মরণ করি। আমরা তাঁদের কোনো দিনই ভুলব না।’ লিবিয়াকে তিনি কীভাবে এগিয়ে নেবেন, সে সম্পর্কে এখনো তিনি কিছুই জানাননি।বিশ্লেষকদের মতে, লিবিয়াকে ঐক্যবদ্ধ রাখা, যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন, সংবিধান প্রণয়নের লক্ষ্যে পার্লামেন্ট নির্বাচন, তেল উত্পাদন ও রপ্তানি শুরু করা তাঁর জন্য অন্যতম চ্যালেঞ্জ হবে। আগামী আট মাসের মধ্যে দেশটিতে পার্লামেন্ট নির্বাচন করার ঘোষণা দিয়েছে এনটিসি। এই পার্লামেন্ট স্বাধীন লিবিয়ার জন্য একটি খসড়া সংবিধান প্রণয়ন করবে।