মার্কিনবিরোধী বিক্ষোভে নিহত ৬
বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভ ও দূতাবাসে হামলার সময় গতকাল শুক্রবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ছয়জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।যুক্তরাষ্ট্রে নির্মিত ‘ইনোসেন্স অব মুসলিমস’ চলচ্চিত্রে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে কটাক্ষ করা হয়েছে বলে অভিযোগ এনে গত মঙ্গলবার থেকে মার্কিনবিরোধী এই বিক্ষোভ শুরু হয়। এ ঘটনার প্রতিবাদে গতকাল উত্তাল ছিল মুসলিম বিশ্ব। এদিন মিসর, ফিলিস্তিন, ইরাক, ইরান, লেবানন, সুদান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান ও ভারতসহ বিভিন্ন দেশে মার্কিনবিরোধী বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা বেশ কয়েকটি দেশের মার্কিন দূতাবাসে হামলা করেন এবং হামলার চেষ্টা চালান। এ সময় হতাহতের ঘটনাও ঘটে।গতকাল সুদানে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলার সময় বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় কমপক্ষে তিন বিক্ষোভকারী নিহত হন বলে রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে। এ ছাড়া এ সংঘর্ষে অর্ধশতাধিক পুলিশ ও বিক্ষোভকারী আহত হয়েছেন।গতকাল তিউনিসিয়ায় মার্কিন দূতাবাসে হামলার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই ব্যক্তি নিহত ও ২৯ জন আহত হন বলে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে।মিসরের রাজধানী কায়রোতে আজ চতুর্থ দিনের মতো মার্কিনবিরোধী বিক্ষোভ চলছে। গতকাল কায়রোতে মার্কিন দূতাবাসের কাছে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও ২৭ জন আহত হন। বিক্ষোভকারীরা এখনো দূতাবাসের দিকে যাওয়ার চেষ্টা করছেন।এদিকে আজ অস্ট্রেলিয়ার বৃহত্তম নগর সিডনির মার্কিন উপ-দূতাবাসের বাইরে কয়েক শ’ মানুষ বিক্ষোভ করেছে। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মহানবী হজরত মোহাম্মদকে (সা.) কটাক্ষ করার জন্য দায়ী ব্যক্তিদের শিরোশ্ছেদ দাবি করে স্লোগান দিয়েছে বিক্ষোভকারীরা।এই পরিস্থিতিতে মুসলিম বিশ্বে মার্কিন দূতাবাসগুলো সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। গতকালের বিক্ষোভে কোথাও কোনো মার্কিন কর্মকর্তা হতাহত হননি বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে।যুক্তরাষ্ট্রে ‘ইনোসেন্স অব মুসলিমস’ চলচ্চিত্র নির্মাণকে কেন্দ্র করে গত মঙ্গলবার ক্ষুব্ধ মিলিশিয়াদের হামলায় লিবিয়ায় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ চারজন নিহত হন। হামলা হয় মিসর ও ইয়েমেনে অবস্থিত মার্কিন দূতাবাসেও।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, ‘চলচ্চিত্রটিতে যে বার্তা দেওয়া হয়েছে, তা আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি।’ গত বৃহস্পতিবার মরক্কোয় সফররত হিলারি বলেন, ‘আমি জানি, কিছু মানুষকে এটা বোঝানো কঠিন যে যুক্তরাষ্ট্র কেন এমন ভিডিওচিত্র প্রকাশ বন্ধ রাখতে পারে না। আজকের বিশ্ব আধুনিক প্রযুক্তিতে চলে। এখন ভিডিওচিত্র প্রকাশ বন্ধ করা অসম্ভব। তবে আমাদের সংবিধান ও আইনে কোনো নাগরিকের মত প্রকাশের স্বাধীনতাও হরণ করা যায় না।’ হিলারি বলেন, ‘এই ভিডিওচিত্রটি ব্যক্তিগতভাবে আমার কাছে বিরক্তিকর ও দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড। একটি মহান ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ উসকে দিতে উদ্দেশ্যমূলকভাবে এটা করা হয়েছে।’