মার্কিনরা নিজেদেরই বোকা বানাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ওপর আরও ভয়াবহ প্রতিশোধের হুমকি দিয়েছে আল-কায়েদার ইয়েমেনি শাখা। এই সংগঠনের শীর্ষস্থানীয় এক নেতা বলেছেন, ‘ওসামা বিন লাদেনকে হত্যার পর সবকিছু শেষ হয়ে যাবে ভেবে মার্কিনরা নিজেদেরই বোকা বানাচ্ছে।’ আর ওসামার এক ছেলে বলেছেন, নিরস্ত্র নারী-পুরুষকে গুলি করে হত্যা করে মার্কিন বাহিনী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ঘটনা তদন্তে তিনি জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে মার্কিন আইনপ্রণেতারা ওসামার লাশের ছবি দেখবেন বলে জানিয়েছে গণমাধ্যম।আল-কায়েদার হুমকি: সৌদি নাগরিক ওসামার পিতৃপুরুষের দেশ ইয়েমেন। সেখানে সক্রিয় আল-কায়েদার সবচেয়ে আক্রমণাত্মক শাখা আল-কায়েদা ইন দি অ্যারাবিয়ান পেনিনসুলা। এই সংগঠনের নেতা নাসির আল-ওয়াহিশি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে বলেন, ‘ওসামার মৃত্যুর পর জিহাদের আগুন আরও বেগবান হচ্ছে। আমাদের লড়াইকে হালকাভাবে দেখো না, ...যা ঘটতে যাচ্ছে, তা আরও ব্যাপক, আরও ভয়াবহ। তোমাদের জন্য যা অপেক্ষা করছে, তা আরও শক্তিশালী ও ধ্বংসাত্মক।’একটি জঙ্গি সংগঠনের ওয়েবসাইটে প্রকাশিত বক্তব্যে আল-ওয়াহিশি আরও বলেন, ‘আমরা লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করছি। নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হবেন। ওসামার মৃত্যুতেও ইহুদি ও মার্কিনদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে আমাদের অনড় অবস্থানের পরিবর্তন হবে না।’আল ওয়াহিশি বলেন, ‘ওসামাকে হত্যার পরপরই সব শেষ হয়ে যাবে ভেবে নিয়ে মার্কিনরা নিজেদেরই বোকা বানাচ্ছে। মার্কিনরা ওসামাকে হত্যা করেছে, কিন্তু তারা কী তাঁর বিশ্বাস, কার্যপদ্ধতি, আদর্শ ও উম্মাহকে পুনরায় জাগিয়ে তোলার আহ্বানকে হত্যা করতে পেরেছে? আল্লাহর শত্রুরা জেনে রাখুক, বদলা নিতে আমরা বদ্ধপরিকর।’অভিযানের বৈধতা নিয়ে ওসামাপুত্র: ওমর বিন ওসামা বলেছেন, তাঁর বাবাসহ পরিবারের নিরস্ত্র সদস্যদের গুলি করে হত্যা করেছে মার্কিন বাহিনী। এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ঘটনা তদন্তের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।ওসামার চতুর্থ ছেলে ৩০ বছর বয়সী ওমর। বাবার সঙ্গে তিনি সুদান ও আফগানিস্তানে ছিলেন। এর আগে তিনি নিরীহ মানুষের ওপর হামলা চালানোর জন্য প্রকাশ্যে আল-কায়েদার সমালোচনা করেছেন।নিউইয়র্ক টাইমস-এ পাঠানো এক বিবৃতিতে ওমর বলেন, ‘নিরস্ত্র ওসামাকে কেন গ্রেপ্তার করে আদালতে বিচারের মুখোমুখি করা হলো না? তাহলে তো বিশ্বের মানুষ প্রকৃত সত্য জানতে পারত।’পাকিস্তানের অ্যাবোটাবাদের বাড়িতে ২ মে মার্কিন কমান্ডোদের অভিযানে ওসামাসহ আরও কয়েকজন নিহত হন। এর মধ্যে একজন নারীও ছিলেন বলে জানা যায়।ওসামাপুত্র ওমর বলেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিরস্ত্র পুরুষ ও নারীদের হত্যার নির্দেশ দিয়েছিলেন।তবে ওমরের বক্তব্যের মধ্যেই স্ববিরোধিতা আছে। তিনি জানান, তাঁর বাবাকে হত্যার যে দাবি যুক্তরাষ্ট্র করছে, তা তাঁদের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। কাজেই প্রমাণ দেওয়ার জন্য মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। অপর দিকে ওসামাকে সাগরে সমাহিত করার নিন্দা জানান তিনি।ওসামার ছোট ছেলে নিখোঁজ: পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন কমান্ডোদের অভিযানের পর থেকে ওসামার ছোট ছেলে হামজাকে (১৯) পাওয়া যাচ্ছে না।পাকিস্তানি কর্মকর্তারা জানান, অ্যাবোটাবাদের বাড়িতে মার্কিন কমান্ডোদের অভিযানের সময় হামজা ওই বাড়িতে ছিলেন বলে ওসামার এক স্ত্রী তাঁদের জানিয়েছেন। গোয়েন্দাদের ধারণা, অভিযানের সময় ওই বাড়ি থেকে কেউ একজন পালিয়ে যেতে সক্ষম হন। তবে তিনি ওসামার ছেলে হামজাই কি না, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না।পাকিস্তানের হেফাজতে থাকা ওসামার তিন স্ত্রীর একজন হামজার মা বলে জানা গেছে। তাঁর নাম হতে পারে খাইরিয়াহ সবর। ওসামা ১৯৮৫ সালে সবরকে বিয়ে করেন।হামজাকে ওসামার উত্তরসূরি হিসেবে গণ্য করে আসছেন গোয়েন্দা সদস্যরা। তাঁদের কাছে হামজা ‘সন্ত্রাসের যুবরাজ’ বলে পরিচিত। তিনি বাবা ওসামার আদর্শে বড় হয়েছেন বলে কর্মকর্তারা জানান। কিশোর বয়সে হামজা অস্ত্র হাতে তুলে নেন। ২০০১ সালে এক ভাইয়ের বিয়েতে হামজা যে জেহাদি কবিতা পাঠ করেন, এর ভিডিওচিত্র রয়েছে। তিনি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে লড়েছেন বলে তথ্য রয়েছে। বেনজির ভুট্টো হত্যার ষড়যন্ত্রে তাঁর সম্পৃক্ততা রয়েছে বলে গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহ।ওসামার লাশের ছবি: যুক্তরাষ্ট্রের কয়েকজন আইনপ্রণেতাকে ওসামার লাশের ছবি দেখানো হবে। যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যম গত মঙ্গলবার এ খবর জানায়।সিএনএন বলেছে, কংগ্রেসের উভয় কক্ষের বাছাই করা, বিশেষ করে গোয়েন্দা সংস্থা ও সশস্ত্র বাহিনীর কাজের সঙ্গে সংশ্লিষ্ট আইনপ্রণেতাদের ওসামার লাশের ছবি দেখানো হবে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সদর দপ্তরে তাঁরা ওই ছবি দেখবেন। তবে কবে নাগাদ দেখানো হবে, তা এখনো ঠিক হয়নি।প্রেসিডেন্ট ওবামা গত সপ্তাহে এক ভাষণে ছবিগুলো জনসমক্ষে প্রকাশে অস্বীকৃতি জানান। তিনি বলেন, এতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।সিবিএস নিউজকে গত রোববার ওবামা বলেন, ‘মাথায় গুলিবিদ্ধ কারও লাশের ছবি প্রকাশের কারণে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ুক কিংবা অপপ্রচারের হাতিয়ার হয়ে উঠুক, এমনটা আমরা চাই না। ওসামার মৃতদেহের ছবিকে বিজয় স্মারক হিসেবে আমরা জাহির করতে চাই না।’ওবামার প্রচারণা: ওসামাকে হত্যার সাফল্য নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা। গত মঙ্গলবার টেক্সাসে নিজের দলের নির্বাচনী তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে বারাক ওবামা বলেন, ‘আমাদের সেনা ও গোয়েন্দা সদস্যদের অসম সাহসিকতার মাধ্যমে ওসামাকে হত্যা করা সম্ভব হয়েছে। তিনি আর কখনো যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে আবির্ভূত হবেন না।’তখন দর্শকদের মধ্য থেকে একজন চেঁচিয়ে বলে ওঠেন, ‘ওসামাকে শেষ করতে পারার জন্য আপনাকে ধন্যবাদ।’ জবাবে ওবামা বলেন, ‘আমরা যে কাজ করতে শুরু করেছি, তা শেষ করতে অনুপ্রেরণা জোগাবে এই সফলতা।’ দ্বিতীয় মেয়াদে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন ওবামা। এএফপি, রয়টার্স, নিউইয়র্ক টাইমস ও গার্ডিয়ান।