মার্কিনিদের অর্থনৈতিক নিরক্ষরতা!
বিশ্বের সবচেয়ে ধনী দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী এ দেশটি পরিচিতি পেয়েছে ‘বিশ্বমোড়ল’ হিসেবেও। কিন্তু এ দেশের নাগরিকদেরই অর্থনৈতিক জ্ঞান খুব নিম্নমানের বলে বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিশেষজ্ঞরা। এমনকি অনেক মার্কিন নাগরিককে অর্থনীতির বিবেচনায় নিরক্ষর বলেও ঘোষণা দিয়েছেন তাঁরা। আর দিন দিন এটা আরও বাড়ছে বলেও আশঙ্কা করা হচ্ছে।সাম্প্রতিক সময়ে ৬৫৬ মিলিয়ন ডলারের একটা জ্যাকপট টিকিট নিয়ে চরম উত্তেজনা প্রকাশ করেছেন মার্কিন নাগরিকেরা। লটারির টিকিট কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ছে তারা। এ পরিস্থিতি বিবেচনা করে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উপদেষ্টা পিটার ডি’আরুডা মন্তব্য করেছেন, ‘মার্কিনিরা খুব তাড়াতাড়ি ধনী হওয়ার জন্য বিপুল পরিমাণ টাকাও খরচ করতে পারে। কিন্তু তারা বোঝে না যে কীভাবে এই অর্থনৈতিক দুনিয়াটা পরিচালিত হয়।’ মার্কিনিদের অর্থনৈতিক জ্ঞান যাচাইয়ের জন্য গ্রেড পয়েন্ট দিতে হলে তিনি বেশির ভাগ মানুষকেই ‘এফ’ গ্রেডের অন্তর্ভুক্ত করতেন বলে খেদও প্রকাশ করেছেন।সাম্প্রতিক একটি জরিপে ডি’আরুডার এই আশঙ্কার সত্যতাও মিলেছে। দেখা গেছে আমেরিকার প্রতি পাঁচজনের মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক মানুষ অর্থনৈতিক জ্ঞানের বিবেচনায় মাত্র ‘সি’ বা ‘ডি’ গ্রেড পাবেন। আর একেবারে ফেলই করে যাবেন প্রতি ২৫ জনের মধ্যে একজন। সংখ্যাটা গত দুই বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে। গত ছয় বছর ধরে পরিচালিত আরও একটি জরিপের ফলাফল আরও উদ্বেগজনক। সেখানকার ফলাফল থেকে দেখা গেছে, ৫৬ শতাংশ মার্কিন নাগরিকের কোনো অর্থনৈতিক পরিকল্পনা থাকে না। তিনজনের মধ্যে একজন তাদের বিভিন্ন বিল পরিশোধ করে না সময় মতো। আর ৩৯ শতাংশ তাদের ক্রেডিট কার্ডের ঋণ টেনে বেড়ান মাসের পর মাস। আর এগুলোর পরিমাণ প্রতিবছরই আরও বেশি হচ্ছে। এক কথায় ‘এটা অসুবিধাজনক’ বলে মন্তব্য করেছেন আমেরিকার ন্যাশনাল ফাউন্ডেশন ফর ক্রেডিট কাউন্সিলিংয়ের মুখপাত্র গেইল কানিংহ্যাম।মার্কিনিদের এ অর্থনৈতিক নিরক্ষরতার জন্য স্কুলগুলোকেই বিশেষভাবে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে মাত্র চারটির হাইস্কুলগুলোতে শিক্ষার্থীদের একটা ব্যক্তিগত হিসাববিজ্ঞানের শিক্ষা দেওয়া হয়। উদাসীন মার্কিন ভোক্তারাও নিজেদের শিক্ষিত করে তুলতে খুব একটা আগ্রহ দেখান না। আর মুনাফালোভী করপোরেশনগুলোও এতে খুশি। কারণ, অন্তত স্বল্পমেয়াদে এটা তাদের ব্যবসার জন্য ভালো। তবে দীর্ঘমেয়াদে এটা পুরো দেশটির জন্যই বিপদের কারণ হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিশেষজ্ঞরা।—নিউজউইক অবলম্বনে