মার্কিনিদের ইউরোপ ভ্রমণে সতর্কতা জারি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র তার নাগরিকদের ইউরোপ ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করতে যাচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশে আল-কায়েদার সম্ভাব্য হামলার হুমকির পরিপ্রেক্ষিতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিতে যাচ্ছে বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন।আল-কায়েদার সম্ভাব্য এ হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে এ ঘটনায় পাকিস্তানি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিক ও আফগান বংশোদ্ভূত এক জার্মান নাগরিককে সন্দেহ করা হচ্ছে এবং তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এ ধরনের ভ্রমণ-সতর্কতার ফলে ইউরোপের পর্যটনশিল্পে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।এর আগে ইউরোপের কয়েকটি দেশে আল-কায়েদার বড় ধরনের সম্ভাব্য হামলার পরিকল্পনা উদঘাটন করে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যমতে, আল-কায়েদা ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির বিভিন্ন শহরে কমান্ডো কায়দায় হামলার ষড়যন্ত্র করছিল। গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, আল-কায়েদা ২০০৮ সালে ভারতের মুম্বাই হামলার মতো করে পশ্চিমা নাগরিকদের জিম্মি ও হত্যার পরিকল্পনা নিয়েছিল। পরিকল্পনাটি প্রাথমিক অবস্থায় ছিল বলে ধারণা করা হচ্ছে।—বিবিসি