আগামী মার্চের শেষ দিকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হবে। চলবে এপ্রিলজুড়ে। জানা গেছে, মার্চ-এপ্রিলের মধ্যেই মেয়াদোত্তীর্ণ প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। এ মাসে পৌরসভা নির্বাচনের পর ইউপি নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হবে।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা গতকাল সোমবার নেত্রকোনায় সাংবাদিকদের বলেন, আগামী মার্চে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা নিশ্চিত থাকেন, আগামী মার্চেই ইউপি নির্বাচন হবে।’দেশের চার হাজার ৫০৪টি ইউনিয়ন পরিষদের মধ্যে বেশির ভাগই এখন মেয়াদোত্তীর্ণ। প্রায় দেড় বছর আগে এসব ইউনিয়নের মেয়াদ শেষ হয়। সর্বশেষ ২০০৩ সালের ২০ জানুয়ারি থেকে ১৬ মার্চ দেশে চার হাজার ১০০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়।এর আগে কয়েক দফা নির্বাচনের উদ্যোগ নেওয়া হলেও নানা জটিলতায় তা হয়নি। শেষ পর্যন্ত আইন সংশোধন করা হয় সংসদের গত অধিবেশনে। এখন আর এসব ইউনিয়ন পরিষদে নির্বাচন করতে আইনগত কোনো বাধা নেই। তবে মামলাজনিত কারণে আটকে থাকা ৭৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন এখনো অনিশ্চিত।সিইসি শামসুল হুদা বলেন, শুধু নির্বাচন কমিশনের দ্বারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এ জন্য প্রশাসন, সব রাজনৈতিক দল ও সুশীল সমাজকেও এগিয়ে আসতে হবে। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পৌর নির্বাচনের জন্য কমিশন থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।এর আগে সকালে সিইসি ভোটার তালিকা প্রকল্পের সার্ভার স্টেশন নির্মাণের স্থান নির্ধারণ করতে নেত্রকোনায় পৌঁছান। তিনি বলেন, পেশিশক্তি ও কালো টাকার দৌরাত্ম্য বন্ধ করতে পারলে নির্বাচনে সৎ, যোগ্য ও ভালো প্রার্থীরা এগিয়ে আসবেন।শামসুল হুদা বলেন, সন্ত্রাস ও সহিংসতার পথ পরিহার করে ভোটারদের মন থেকে ভয়ভীতি দূর করতে পারলে তাঁরা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারবেন।ময়মনসিংহের ত্রিশালে উপজেলা নির্বাচন অফিস পরিদর্শনকালে সিইসি শামসুল হুদা সাংবাদিকদের বলেন, পৌরসভা নির্বাচনে সব জায়গায় সেনা মোতায়েন করা হবে না। ঝুঁকিপূর্ণ কিছু এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হবে।ইউপি নির্বাচনের বিধিমালা: এবারই প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের জন্য বিধিমালা প্রণয়ন করেছে নির্বাচন কমিশন।বিধিমালায় ইউপি নির্বাচনে প্রার্থীদের ব্যয়সীমা বেঁধে দেওয়া হয়েছে। চেয়ারম্যান পদের প্রার্থীরা সর্বোচ্চ পাঁচ লাখ এবং সদস্যরা এক লাখ টাকা নির্বাচনে ব্যয় করতে পারবেন। আগে ইউপি নির্বাচনে প্রার্থীদের কোনো ব্যয়সীমা ছিল না। পাশাপাশি প্রত্যেক চেয়ারম্যান পদের প্রার্থীর ব্যাংক হিসাব খোলা, ব্যাংক হিসাবের মাধ্যমে খরচ করা, নির্বাচন অনুষ্ঠানের ৩০ দিনের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যয়ের হিসাব দিতে হবে।কোনো প্রার্থী রাজনৈতিক দলের নাম ও পরিচয় ব্যবহার করতে পারবেন না। প্রার্থীর ছবি ছাড়া অন্য কারও ছবি নির্বাচনী পোস্টারে বা প্রচারকাজে ব্যবহার করা যাবে না। কোনো প্রার্থী জনসভা কিংবা শোভাযাত্রা করতে পারবেন না। তবে পথসভা করতে পারবেন। প্রতি চেয়ারম্যান পদপ্রার্থী একটি এবং প্রতি মেম্বার পদপ্রার্থী নিজ ওয়ার্ডে একটি নির্বাচনী অফিস খুলতে পারবেন।বিধিমালা অনুসারে নির্বাচনের তফসিল ঘোষণার পর কোনো উন্নয়নমূলক প্রকল্প বা গম-চাল বিতরণের উদ্যোগ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। (প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন ত্রিশাল ও পূর্বধলা প্রতিনিধি)