এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক পৌষ ফাগুনের পালা। গজেন্দ্রকুমার মিত্রের ত্রয়ী উপন্যাস অবলম্বনে নাটকটি যৌথভাবে নাট্যরূপ দিয়েছেন ইরাজ আহমেদ ও মনসুর রহমান। পরিচালনা করেছেন আফসানা মিমি। কথা হলো তাঁর সঙ্গে। ‘পৌষ ফাগুনের পালা’ নাটকে নাকি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন?এখনো ওই রকম কিছু করিনি। তবে অভিনয় করার ইচ্ছে আছে। নিজের জন্য একটি চরিত্রও দেখে রেখেছি। পৌষ ফাগুনের পালা নাটকে আমার সবচেয়ে ভালো লাগা কাজ করে পরিচালনাকে ঘিরে। তাই পরিচালনার কাজ ঠিকঠাকভাবে করার পর যদি সময় থাকে, তাহলেই অভিনয় করব। আমার নির্বাচিত চরিত্রটির নাম রতন। এটি পর্দায় আসতে ছয় মাস তো লাগবেই।‘পৌষ ফাগুনের পালা’ নাটকটি পরিচালনা করে কেমন লাগছে?সৃজনশীল কাজে আসলে কখনো তৃপ্তি আসে না। তবে নাটকটি নিয়ে যখন দর্শকের প্রতিক্রিয়া এবং সহকর্মীদের বিভিন্ন গঠনমূলক বক্তব্য শুনি, তখন বেশ ভালো লাগে। এ ছাড়া আমি যাঁদের কাজ দেখে মিডিয়ায় এসেছি, তাঁরা যখন পৌষ ফাগুনের পালা নাটকটির প্রশংসা করেন, তখন খুব আনন্দ হয়। পরবর্তী কাজের জন্য অনেক বেশি সাহস পাই। এ নাটকে একটা সময়কে ধরে কাজ করতে হচ্ছে। তাই আমাদের সবাইকে বেশ খাটাখাটুনি করতে হয়। সেদিক থেকে বলা যায়, এখন পর্যন্ত নাটকটির কাজ করে ভালোই লাগছে।‘পৌষ ফাগুনের পালা’ নাটকটি কত পর্বে শেষ হবে?নাটকের গল্পটি গজেন্দ্রকুমার মিত্রের তিনটি উপন্যাস ঘিরে। সবকিছু মিলিয়ে ২০০ পর্বে নাটকটি শেষ করার পরিকল্পনা আছে। অযথা বাড়ানোর ইচ্ছে নেই।সামনে তো ভালোবাসা দিবস। আপনি তো এই দিনকে ঘিরে এর আগেও নাটক তৈরি করেছেন। এবার কিছু ভেবেছেন?হ্যাঁ। ভালোবাসা দিবস উপলক্ষে সর্বশেষ ২০০৪ সালে অফবিট নামে একটি নাটক নির্মাণ করেছিলাম। নাটকে ব্ল্যাক ব্যান্ডের শিল্পীরা অভিনয় করেছিলেন। সাত বছর পর আবার ভালোবাসা দিবস উপলক্ষে নাটক তৈরি করছি। আমার এবারের নাটকের নাম ১৪ই ফেব্রুয়ারি।আপনি একবার চলচ্চিত্র নির্মাণ করার কথা বলেছিলেন। ওটার কী খবর?ছবি নির্মাণের ভাবনাটা অনেক দিনের। বছর খানেক আগে মুহম্মদ জাফর ইকবালের ক্যাম্প পড়ার পরই তা নিয়ে কিছু একটা করার ভাবনা মাথায় আসে। তখন মুহম্মদ জাফর ইকবালের সঙ্গে কথা বলি। তিনি আমাকে এটি নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরামর্শ দেন। এখন প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, এ বছর মার্চে চলচ্চিত্রের কাজ শুরু করতে পারব।বাংলাভিশনের ‘মনের কথা’ অনুষ্ঠানে বিচিত্র পেশার মানুষদের সঙ্গে কথা বলছেন। কেমন অভিজ্ঞতা হচ্ছে?অনুষ্ঠানটি করতে গিয়ে নানা পেশার মানুষের সঙ্গে কথা বলতে হচ্ছে। এতে আমি নিজেও অনেক কিছু জানতে পারছি। নতুন আর অদ্ভুত সব অভিজ্ঞতা হচ্ছে।