মার্চে থানায় থানায় সমাবেশ করবে ঢাকা মহানগর ১৪ দল
ঢাকা মহানগর ১৪ দল মার্চ মাসে রাজধানীর থানায় থানায় সমাবেশ করবে। গতকাল শুক্রবার মহানগর ১৪ দলের বৈঠকে এ কথা জানানো হয়। বৈঠকে বেশির ভাগ নেতা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পানি, বিদ্যুত্ ও গ্যাস-সমস্যার সমাধানে সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান। নেতারা আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ঐক্যবদ্ধভাবে করার ওপরও জোর দেন। তোপখানা রোডে শহীদ আসাদ মিলনায়তনে সকালে এ বৈঠক হয়। এর আগে কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে রাজধানীর ১৫টি থানায় ১৪ দল সমাবেশ করবে বলে বলা হয়েছিল। তবে গতকালের বৈঠকে বলা হয়, সমাবেশ ৩০টিও হতে পারে। পাশাপাশি তাত্ক্ষণিকভাবে কোনো কর্মসূচির প্রয়োজন হলে তা যাতে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়েও প্রস্তুতি রাখার সিদ্ধান্ত হয় বৈঠকে। ২ মার্চ গণতন্ত্রী পার্টির কার্যালয়ে আবারও মহানগর ১৪ দল বৈঠক করবে। ১৪ দলের সূত্র জানায়, থানায় থানায় সমাবেশের দিনক্ষণ ২ মার্চের বৈঠকে ঠিক হবে।বৈঠকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, সাংসদ রাশেদ খান মেনন বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের কার্যক্রম শুরু হওয়ার পর জামায়াতে ইসলামী বেপরোয়া হয়ে উঠেছে। বিএনপিও নানা অজুুহাত বের করে আন্দোলনের হুমকি দিচ্ছে। এ অবস্থায় ১৪ দলকেও সংগঠিত হতে হবে। যুদ্ধাপরাধীদের বিচারের বিষয় ১৯৭৪ সালেই মীমাংসা হয়ে গেছে—বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর শামিল। এসব কথা না বলে মুক্তিযুদ্ধকালীন অপকর্মের জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত। রাশেদ খান মেনন খাদ্যপণ্যের মূল্য এবং রাজধানীতে গ্যাস, পানি ও বিদ্যুত্ সমস্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এসব সমস্যা ছোট করে দেখা যাবে না। বৈঠকে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিরোধী দল মনে করেছিল বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করা সম্ভব হবে না। এটা হয়ে যাওয়ার পর এখন তারা বুঝতে পারছে সরকার যুদ্ধাপরাধীদেরও বিচার করে ফেলবে। এ জন্য তারা বেপরোয়া হয়ে দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। তাই ১৪ দলকে প্রস্তুত থাকতে হবে। ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সম্পাদক আবুল হোসাইনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ১৪ দলের নেতা ওয়ার্কার্স পার্টির বিমল বিশ্বাস, জাসদের শরিফ নুরুল আম্বিয়া, আওয়ামী লীগের মুকুল চৌধুরী, হারুন চৌধুরী প্রমুখ।