মার্চে পদ্মা সেতুর দরপত্র-প্রক্রিয়া শুরু হবে: মুহিত (ভিডিও)
পদ্মা সেতু প্রকল্পের দরপত্রের প্রক্রিয়া আগামী মাসে শুরু হবে বলে আশা করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হবে বলে তিনি জানিয়েছেন। আজ শনিবার সকালে চট্টগ্রামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ কাস্টম ক্রীড়া পরিষদ আয়োজিত ১৭তম কাস্টম, এক্সাইজ ও ভ্যাট আন্তক্লাব ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করতে তিনি চট্টগ্রামে আসেন। অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংককে “না” জানিয়ে দেওয়ার পর কেউ এলে ভালো হবে। না এলেও নিজেরাই বাস্তবায়ন করব।’বিশ্বব্যাংককে ছাড়া পদ্মা সেতুর অর্থায়ন কীভাবে হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘যেভাবে হোক, বাস্তবায়ন করবই। নিজের টাকাতেই করব। কারও কাছ থেকে সাহায্য নিয়ে হলেও করব।’ পদ্মা সেতু নির্মাণের ব্যাপারে আলোচনার জন্য আগামী মাসে বৈঠকে বসবেন বলে জানান অর্থমন্ত্রী। এরপর দরপত্রের প্রক্রিয়া শুরু হবে। মন্ত্রী বলেন, দরপত্র আহ্বানের পর ৪৫ দিন সময় দেওয়া হবে। এরপর যাচাই-বাছাই করতে আরও ১৫ দিন সময় লাগবে। পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ১২০ কোটি ডলার ঋণ দেওয়ার কথা ছিল। দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন আটকে দেওয়ার পর গত বৃহস্পতিবার সরকার বিশ্বব্যাংককে জানিয়ে দেয়, তাদের অর্থায়ন ছাড়াই সরকার কাজটি শুরু করতে যাচ্ছে। বিশ্বব্যাংক এই প্রকল্পে না থাকায় এশীয় উন্নয়ন ব্যাংকও (এডিবি) সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে গতকাল শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়।