মার্চেন্ট ব্যাংক থেকে সর্বোচ্চ ১০ কোটি টাকা ঋণ নেওয়া যাবে
শেয়ারে বিনিয়োগের জন্য একজন বিনিয়োগকারী মার্চেন্ট ব্যাংক বা ব্রোকারেজ হাউস থেকে সর্বোচ্চ কত টাকা ঋণ নিতে পারবেন, তার সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখন থেকে কোনো বিনিয়োগকারী একটি মার্চেন্ট ব্যাংক থেকে ১০ কোটি টাকার বেশি ঋণসুবিধা পাবেন না। ব্রোকারেজ হাউসের ক্ষেত্রে এ সীমা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা।কোনো বিনিয়োগকারী এর বেশি ঋণসুবিধা নিয়ে থাকলে আগামী ৩১ আগস্টের মধ্যে তাঁকে তা সমন্বয় করতে হবে। মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের গ্রাহকের নির্ভরশীল আত্মীয়ের নামের ঋণও এ সীমার আওতায় পড়বে। অর্থাত্ এ ক্ষেত্রে বিনিয়োগকারীর স্ত্রী, ছেলে-মেয়ে, নির্ভরশীল বাবা-মা ও ভাই-বোনের ঋণ এক সঙ্গে হিসাব করা হবে।এ ছাড়া মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীর নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ঋণসুবিধা নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এরই মধ্যে কেউ এ ধরনের ঋণসুবিধা নিয়ে থাকলে তাঁকেও আগামী ৩১ আগস্টের মধ্যে তা সমন্বয় করতে হবে।পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) বাজার পর্যালোচনা কমিটির সভায় আজ বুধবার এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আনোয়ারুল কবীর ভূঁইয়া প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘আগামী রোববার থেকে এ নিয়ম কার্যকর হবে।’এসইসির কর্মকর্তারা জানান, বাজারের তারল্যপ্রবাহ নিয়ন্ত্রণ করতেই ঋণের এ সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে অপেক্ষাকৃত বড় বিনিয়োগকারীদের আগ্রাসী বিনিয়োগকে কিছুটা নিয়ন্ত্রিত মাত্রায় নিয়ে আসতে চাচ্ছে সংস্থাটি। এরই অংশ হিসেবে সম্প্রতি ঋণ জোগানদাতা মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোর শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের বিনিয়োগ কোষ বা পোর্টফোলিও তথ্য সংগ্রহ করে এসইসি। এসব তথ্য পর্যালোচনা করে ঋণের সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছে।তবে ঋণগ্রহণের অনুপাত আগের মতোই থাকছে। অর্থাত্, এক লাখ টাকা মূলধনের বিপরীতে এক লাখ টাকাই (১:১) হারে ঋণসুবিধা পাওয়া যাবে। পার্থক্য হলো আগে এ অনুপাতেই ১০ কোটি টাকার বেশি ঋণ পাওয়া যেত, এখন আর তা পাওয়া যাবে না।