মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ পেল সিগমা ক্যাপিটাল
সিগমা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডকে পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য নিবন্ধন সনদ (রেজিস্ট্রেশন সার্টিফিকেট) দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এ নিয়ে মার্চেন্ট ব্যাংকের সংখ্যা দাঁড়াল ৪৬-এ। ৫ অক্টোবর এসইসি এই সনদ প্রদান করে।মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও বিধিমালা ১৯৯৬-এর বিধি-বিধান ও শর্ত পরিপালন করায় কমিশনের পক্ষ থেকে নিবন্ধন সনদ প্রদান করা হয়, যার নিবন্ধন সনদ নম্বর: এমবি-৭০/২০১১।এসইসি সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর এসইসির ৩৯৭তম সভায় সিগমা ক্যাপিটালকে পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংক হিসেবে অনুমোদন দেওয়া হয়। পরে ২৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবে কি না, তা যাচাই করতে পরিদর্শনে যান এসইসির কর্মকর্তারা। প্রতিষ্ঠানটির অফিসের স্থানসহ অন্যান্য বিষয় যথাযথভাবে পরিপালন করা হয়েছে কি না, তা বিস্তারিত পর্যবেক্ষণ করে এসইসি। পরে ৫ অক্টোবর এসইসির পক্ষ থেকে সিগমা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বরাবর পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার নিবন্ধন সনদ প্রদান সাপেক্ষে একটি পত্র পাঠানো হয়।সিগমা ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কায়েস খলিল খান নিবন্ধন সনদ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমাদের হাতে ছয় মাসের প্রোভিশন সময় রয়েছে। আশা করি, নির্ধারিত সময়ের মধ্যেই সিগমা ক্যাপিটাল কার্যক্রম শুরু করতে পারবে।’এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন, এসইসি সব কিছু বিবেচনা করে সিগমা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডকে পূর্ণাঙ্গ রূপে মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অনুমোদন দিয়েছে।