টেকসই পুঁজিবাজারের স্বার্থে মার্চেন্ট ব্যাংকগুলোর বিনিয়োগ- সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দিনে মার্চেন্ট ব্যাংকগুলোর নিজস্ব সম্পদ অর্থাৎ পরিশোধিত মূলধন বাড়ানো হবে। প্রণয়ন করা হবে এদের মার্জিন ঋণের ব্যাপারে একটি নীতিমালা।অন্যদিকে বিনিয়োগকারীদের স্বার্থের দিক বিবেচনা করে মার্চেন্ট ব্যাংকগুলোকে আর ‘ফোর্স সেল’ (জোর করে শেয়ার বিক্রি) করতে দেওয়া হবে না। গতকাল শুক্রবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সম্মেলনকক্ষে মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান।ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী, এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মর্তুজা আহমেদসহ এসইসি, দুই স্টক এক্সচেঞ্জ ও মার্চেন্ট ব্যাংকগুলোর প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।অর্থমন্ত্রী বলেন, মার্চেন্ট ব্যাংকগুলোর সঙ্গে খুবই ভালো একটি সভা হলো। সবাই বেশ প্রস্তুতি নিয়ে এসেছিলেন। শেয়ারবাজারের একটি বড় পক্ষ মার্চেন্ট ব্যাংক। কিন্তু এদের নিজস্ব মূলধন বাড়ানোর সুযোগ কম। সব মার্চেন্ট ব্যাংকেরই তাই মূলধনের পরিমাণ বাড়াতে হবে। মূলধন উন্নীত করতে হবে একটি ন্যূনতম নির্দিষ্ট অঙ্কে। এ জন্য বিধিবিধান করা হবে।এদিকে সরকারি মালিকানাধীন মার্চেন্ট ব্যাংকগুলোর মূলধন শিগগিরই বাড়ানো হবে বলে জানান অর্থমন্ত্রী। বলেন, মার্জিন ঋণের হার নির্ধারিত হবে গ্রাহকের সঙ্গে মার্চেন্ট ব্যাংকের সম্পর্কের ভিত্তিতে। অর্থাৎ গ্রাহককে কী পরিমাণ ঋণ দেওয়া হবে, তা মার্চেন্ট ব্যাংকই ঠিক করবে। এসইসি এতে হস্তক্ষেপ করবে না। তবে ঋণের সীমা বেঁধে দিয়ে নীতিমালাটি করে দেবে এসইসি।মার্চেন্ট ব্যাংকগুলোর ফোর্স সেল বিষয়ে মুহিত বলেন, ‘আমার মতে, এটি অনৈতিক ব্যাপার। আমি আগেও বলেছি এ কথা। বাজারে কিছু বিনিয়োগকারী এসেছেন। ওনাদের অশিক্ষিত বলব না, তবে তাঁদের অনেকেই অনভিজ্ঞ। তাঁরাও ঋণ নিয়েছেন। কিন্তু দাম কমে গেলেই তাঁদের হিসাবে থাকা শেয়ার বিক্রি করে দেবেন, আর তাঁদের জিজ্ঞেসই করবেন না! এটা ঠিক না।’অর্থমন্ত্রী বলেন, মার্চেন্ট ব্যাংকগুলোকে বিনিয়োগকারীদের বোঝানোর দায়িত্ব পালন করতে হবে, আবার তাঁদের মানসিকতাও বুঝতে হবে। এ জন্য অবশ্য কিছু সময় লাগবে। কিছু বিনিয়োগকারী যতই অশিক্ষিত হোন না কেন, ডেকে এনে প্রয়োজনে তাঁদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।অর্থমন্ত্রী বলেন, দেশের পুঁজিবাজার হলো একটা উঠতি বাজার। কিন্তু বর্তমান সরকার ও তার আগের সরকারগুলো এ নিয়ে তেমন একটা খেয়াল করেনি। তাই অনেক কিছু নতুন করে শুরু করতে হয়েছে। হস্তক্ষেপ করতে হয়েছে বেশি বেশি। এতে কিছু ভুলও হয়েছে। তবে ভুলগুলো সংশোধন হচ্ছে।অর্থমন্ত্রী জানান, ঢাকার বাজারে জীবন আসে মূলত আশির দশকের শেষ দিকে। তবে সত্যিকারের জীবন আসে আওয়ামী লীগ সরকারের সময়। তারপর এটা পড়ে গিয়েছিল। পরে আবার উঠে আসে। অর্থমন্ত্রী বলেন, ‘আমরা চাই বিনিয়োগ ও বিনিয়োগের স্বার্থেই শেয়ারবাজারকে শক্তিশালী করতে। বুক বিল্ডিং পদ্ধতি আপাতত স্থগিত থাকলেও এসইসি তা নিয়ে কাজ করছে। শিগগির তা চালু হবে। বাজারে তখন নতুন নতুন আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) আসবে, যা শুভ লক্ষণ।’বুক বিল্ডিং পদ্ধতির অপব্যবহারে কিছু চার্টার্ড অ্যাকাউনটেন্ট (সিএ) প্রতিষ্ঠান দায়ী বলে মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, কোনো কোনো শেয়ারকে অতি মূল্যায়িত করতে মার্চেন্ট ব্যাংকগুলো ভূমিকা রেখেছে ঠিক। তবে এ ব্যাপারে সবচেয়ে বেশি দোষী সিএ প্রতিষ্ঠানগুলো। তাই এদের কার্যক্রম পর্যবেক্ষণে একটি কাউন্সিল গঠনের চিন্তা করা হচ্ছে। সংসদে এ নিয়ে আলোচনাও হয়েছে। আইনি কাঠামো তৈরির পর অসাধু সিএদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।ডিমিউচুয়ালাইজেশনের (ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথক) ব্যাপারে ডিএসইর সম্মতি এবং বাজারের মূল্যসূচক গণনার ক্ষেত্রে একটি মানদণ্ড তৈরির কাজ চলছে বলেও জানান তিনি।এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার বলেন, মার্চেন্ট ব্যাংক থেকে অনেকগুলো প্রস্তাব এসেছে। যেমন নিজস্ব মূলধন বৃদ্ধি, বাণিজ্যিক ব্যাংকের মতো আমানত সংগ্রহ, বিনিয়োগের ক্ষেত্রে পরামর্শক প্রতিষ্ঠান চালু ইত্যাদি। তিনি বলেন, মূলধন বাড়াতে মার্চেন্ট ব্যাংকগুলোকে প্রস্তাব দিতে বলা হয়েছে। কোন কোন উৎ স থেকে তারা অর্থ সংগ্রহ করতে চায়, প্রস্তাবে তা উল্লেখ থাকবে। আর আমানত সংগ্রহের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।কোম্পানির সম্পদ পুনর্মূল্যায়ন বিষয়ে একটি নীতিমালা তৈরি করার কথা জানিয়ে এসইসির চেয়ারম্যান বলেন, বুক বিল্ডিং নিয়ে খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে। শিগগিরই তা চূড়ান্ত করা হবে।সরকারের বিভিন্ন পদক্ষেপের তেমন কোনো প্রভাব শেয়ারবাজারে পড়ছে না কেন? জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘জবাব দিতে চাই না। জবাব দিলেই তা রাজনৈতিক হয়ে যাবে।’ বাজার চাঙা রাখতে ঋণ দেওয়া ঠিক হচ্ছে কি না, এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এতে কোনো ভুল দেখছি না। বেআইনিভাবে দিয়েছি নাকি? বাজারকে তো রক্ষা করতে হবে।’ফোর্স সেল বন্ধে মার্চেন্ট ব্যাংকগুলো কোনো ঝুঁকিতে পড়বে কি না, এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘না, পড়বে না। বিধিবিধান করা হচ্ছে সব দিক বিবেচনা করেই।’ মার্চেন্ট ব্যাংকগুলোর মূলধন কি আসলেই বাড়ানো হবে? জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘অবশ্যই’।প্রসঙ্গত, দেশে ৩৭টি মার্চেন্ট ব্যাংকের মধ্যে চালু রয়েছে ৩১টি। তবে ১৪টি মার্চেন্ট ব্যাংক গ্রাহকদের ঋণ দেয় না। তারা নিজেরাই শেয়ার কেনাবেচা করে।