মার্চের মধ্যে হচ্ছে মেট্রোরেল ঋণচুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মার্চ মাসের মধ্যে মেট্রোরেলের নির্মাণে ঋণচুক্তি হয়ে যাবে বলে আশা করছে সরকার। তারপর প্রকল্পের বিস্তারিত নকশা প্রণয়নের জন্য পরামর্শক নিয়োগ দেওয়া হবে। আশা করা হচ্ছে, ২০১৩ সালের মাঝামাঝি নির্মাণকাজ শুরু হবে।আজ সোমবার যোগাযোগ মন্ত্রণালয়ে জাইকার সঙ্গে এক বৈঠক শেষে যোগাযোগসচিব এম এ এন সিদ্দিক সাংবাদিকদের এ কথা জানান।সচিব বলেন, ‘এখন আমরা উন্নয়ন প্রকল্প পরিকল্পনা (ডিপিপি) তৈরি করেছি। এটা অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। এটি অনুমোদন হয়ে গেলে ঋণচুক্তি সই হবে।’এই প্রকল্প বাস্তবায়নে খরচ ধরা হয়েছে ২৭০ কোটি মার্কিন ডলার। এর আগে জানানো হয়েছিল এতে খরচ হবে ১৮০ কোটি মার্কিন ডলার।রুট কী হবে, জানতে চাইলে এম এ এন সিদ্দিক সাংবাদিকদের জানান, পুরাতন বিমানবন্দর নাকি জাতীয় সংসদ ভবনের সামনে দিয়ে রুটটি যাবে, এ বিষয়টি মীমাংসা হয়েছে। রুটটি জাতীয় সংসদের সামনে দিয়েই যাবে।যোগাযোগসচিব আরও জানান, এ প্রকল্প বাস্তবায়নের জন্য উত্তরা তৃতীয় পর্বে ২২ হেক্টর ভূমি অধিগ্রহণ করতে হবে। এ কারণে খরচ অনেকটা বেড়ে গেছে। আজকের বৈঠকে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক সালেউদ্দিন, যোগাযোগসচিব, জাইকার এ দেশীয় পরিচালক তাকাও টোডা উপস্থিত ছিলেন।