মার্চের মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচার শুরু: সৈয়দ আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, এই সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচারকাজ শেষ হবে। আগামী জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চের মধ্যেই আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হবে। ইতিমধ্যে সমস্ত তদন্তকাজ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সৈয়দ আশরাফ বলেন, ‘আজকে বিজয় দিবসে অঙ্গীকার, আওয়ামী লীগের অঙ্গীকার এবং আমাদের সরকারের অঙ্গীকার আমরা যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ চাই। আপনারা হয়ত ইতিমধ্যেই জেনেছেন কুখ্যাত যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।’ যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে তিনি আরও বলেন, ‘কোন নাশকতা করার চেষ্টা করা হলে তাও দমন করা হবে। যুদ্ধাপরাধীদের বিচার যদি কেউ বানচাল করতে চায় তাও প্রতিহত করা হবে।’