মার্চের শেষে আপিল করবেন সাঈদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী এ মাসের শেষ দিকে আপিল আবেদন করবেন। মানবতাবিরোধী অপরাধের দণ্ড বাতিল ও অভিযোগ থেকে খালাস চেয়ে এ আবেদন করা হবে।সাঈদীর প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক আজ শনিবার প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাঈদীকে যে আটটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে, সেসব অভিযোগ থেকে তাঁর খালাস চেয়ে এ আবেদন করা হবে। এতে মৃত্যুদণ্ডাদেশ বাতিলের আরজিও করা হবে।গত ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাঈদীকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন। তাঁর বিরুদ্ধে গঠন করা ২০টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হওয়ায় তাঁকে সেগুলোতে দোষী সাব্যস্ত করা হয়, এর মধ্যে দুটি অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সর্বোচ্চ শাস্তি দেওয়ায় দোষী সাব্যস্ত হওয়া ছয়টি অভিযোগে তাঁকে আর আলাদা করে শাস্তি দেওয়া হয়নি। বাকি ১২টি অভিযোগ প্রমাণ না হওয়া এগুলো থেকে তাঁকে খালাস দেওয়া হয়।আবদুর রাজ্জাক বলেন, ‘আইন অনুসারে ৩০ মার্চের মধ্যে আপিল আবেদন জমা দিতে হবে। এখনো অনেক সময় আছে। এখন আপিল আবেদন প্রস্তুতির কাজ চলছে। চলতি মাসের শেষ দিকে আবেদন জমা দেওয়া হবে।’আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩ অনুসারে ট্রাইব্যুনালে রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ থাকবে। সে অনুসারে ৩০ মার্চ আপিল করার সময়সীমা থাকলেও আসামিপক্ষকে ২৮ মার্চের মধ্যে আবেদন জমা দিতে হবে। কারণ ২৯ ও ৩০ মার্চ সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার)।মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলার রায়ের বিরুদ্ধে ইতিমধ্যে আপিল করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা। গত ৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল-২ তাঁকে মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ দণ্ডাদেশের বিরুদ্ধে সরকারও আপিল করেছে। অপর্যাপ্ত দণ্ডের কারণ দেখিয়ে তারা কাদের মোল্লার মৃত্যুদণ্ড চেয়েছে। ৩১ মার্চ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ আবেদন দুটির শুনানি হবে।