মার্তার দুঃখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা পাঁচবারের ফিফা মহিলা বর্ষসেরা মার্তার কাছে প্রমীলা বিশ্বকাপ শূন্যতারই আরেক নাম। লিখেছেন রাজীব হাসানলিওনেল মেসির ফোন নম্বরটা হবে প্লিজ? ক্রিস্টিয়ানো রোনালদোরটা হলেও চলবে। এই দুজনের সঙ্গে, কিংবা দুজনের একজনের সঙ্গে কথা বলা যে মার্তার জন্য ভীষণ জরুরি। যে দুঃখের অনলে অহর্নিশ পুড়ছেন, যে হতাশার বালুচরে ডুবছেন একটু একটু করে, যে বিষণ্নতার বাতাস হু হু হাহাকার তুলছে হূদয়ের পাথারে; কেবল রোনালদো আর মেসিই পারেন তার সান্ত্বনা দিতে।সময়ের সেরা ফুটবলার অবিসংবাদিতভাবেই। সর্বকালেরই অন্যতম সেরা। তাঁর ব্যক্তিগত অর্জনের তালিকা কত লম্বা। কিন্তু কী লাভ! মার্তাকে হয়তো সবাই মনে রাখবে, মার্তা নিজে অমুক জিতেছেন, তমুক জিতেছেন; টানা পাঁচবারের ফিফা বর্ষসেরাও হয়েছেন। কিন্তু এতসব অর্জন স্রেফ রূপকথার মতো—শুনতে ভালো লাগলেও শেষ পর্যন্ত মিথ্যা হয়ে যায়—জাতীয় দলের হয়ে বড় কিছু যে তিনি কিছুই জেতেননি।খেলিছ এ ভাগ্য লয়ে। আসলেই যেন ফুটবল-বিধাতা মার্তার সঙ্গে অদ্ভুত ধাঁধার এক খেলায় মেতেছেন। মার্তাকে অনেক দিয়েও যেন কিছুই দিতে চান না তিনি। খেলোয়াড় মার্তার ব্যক্তিগত অর্জনের সিন্দুকে হিরে-জহরতের ঠাসাঠাসি; অথচ জাতীয় দলের হয়ে মাত্র চারটি শিরোপা। সেই চারটি ট্রফিই আবার আঞ্চলিক টুর্নামেন্টের বলে মনে হবে যেন সান্ত্বনা পুরস্কার!অথচ এমন নয়, ঠিক মেসি-রোনালদোর মতো ক্লাবের হয়ে যত উজ্জ্বল, জাতীয় দলের হয়ে ততটাই অনুজ্জ্বল। বরং মার্তা দু ক্ষেত্রেই সফল। জাতীয় দলের হয়ে ৭২ ম্যাচে ৮০ গোল তো সে কথাই বলছে। বয়স মাত্র ২৫। যে গতিতে এগোচ্ছেন, তাতে গোলের সেঞ্চুরিটা নির্ঘাৎ করেই ফেলবেন। আন্তর্জাতিক ফুটবলে পুরুষদের মধ্যে যে কৃতিত্ব আছে শুধু ইরানের আলী দায়ির, মেয়েদের ফুটবলে ব্রিজিত প্রিঞ্জের। মেয়েদের ফুটবলে তাঁর লড়াইটাও জার্মানির প্রিঞ্জের সঙ্গে ছিল। প্রিঞ্জ অবসর নিয়ে নেওয়াতে সেই অর্থে মার্তার আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। কিন্তু প্রিঞ্জ তো দুবার বিশ্বকাপ জিতেই বুটজোড়া তুলে রাখলেন। তাঁকে ছুঁতে গেলে তো মার্তারও তেমন কিছু করে দেখানো চাই।এ তো গেল জাতীয় দলের হিসাব। ক্লাব ফুটবলে কি তিনি কম সফল? ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত সুইডেনের উমেয়া আইকের হয়ে খেলেছেন। ২০০৫ থেকে টানা চার বছর জিতেছেন লিগ। এর মধ্যে ২০০৪, ২০০৫, ২০০৬ এবং ২০০৮ সালে লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন মার্তাই। ‘স্কার্ট পরা পেলে’ তো তাঁকে এমনি এমনি বলে না।কিন্তু বিশ্বকাপ এলেই কেউ যেন জাদুটোনা, তুকতাক করে বসে। মার্তার আর ব্রাজিলের শিরোপা জেতা হয় না। একে ভাগ্যের পরিহাস বলবেন না তো কী! এমন নয় ব্রাজিল মহিলা দলটাই খারাপ। হ্যাঁ, ১৯৯১ ও ১৯৯৫ মহিলা বিশ্বকাপের প্রথম দুই আসরে নিজেদের ছয় ম্যাচের চারটিতেই হেরেছিল ব্রাজিল। কিন্তু সেটা এখন শুধুই অতীত। ১৯৯৯ বিশ্বকাপে তৃতীয় হওয়া ব্রাজিল মেয়েদের ফুটবল মানচিত্রে এখন অন্যতম পরাশক্তি। ২০০৭ বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল তারা। ওই আসরে সোনার বল-বুট দুটোই জিতেছেন মার্তা, কিন্তু আসল ট্রফিটা হাতে নিতে পারেননি। শেষ পর্যন্ত জার্মানির কাছে হেরে ফিরতে হয়েছিল রানার্সআপ হওয়ার সান্ত্বনা নিয়ে। ব্রাজিলের মহিলা দল ফাইনালে উঠেছিল ২০০৪ আর ২০০৮ অলিম্পিকেও। দুবারই হেরেছে যুক্তরাষ্ট্রের কাছে।বিশ্বকাপে রানার্সআপ হওয়া কিংবা অলিম্পিকে রুপা জেতাও কিন্তু কম সাফল্য নয়। তার পরও দেশটা ব্রাজিল বলেই এই সাফল্যও অর্থহীন। দলের আরেক তারকা ক্রিস্টিয়ানে যেমন বলছিলেন, ‘মেয়েদের ফুটবলের চেহারা পাল্টে দিতে আমাদের অবদানও কম নয়। কিন্তু ব্রাজিলের ফুটবলে এত বছর ধরে এত বেশি সাফল্য এসেছে, এখানে আমাদের ওই অর্জনগুলোও পাত্তা পায় না। তারা শুধু শিরোপাই চেনে। মনে আছে, বেইজিং অলিম্পিকে ব্রোঞ্জ জিতেও জার্মানি দেশে ফিরে কী সংবর্ধনাটাই না পেল! অথচ আমরা রুপা জিতেও এর কানাকড়িও পাইনি।’তাই শেষ পর্যন্ত বিশ্বকাপ মার্তাকে জিততেই হবে। এবার সেই প্রতিজ্ঞা নিয়েই এসেছিলেন। খেলছিলেনও ভালো। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থতার অশ্রুসজল চোখেই বিদায় নিলেন। এবার কোয়ার্টার ফাইনাল থেকে, যুক্তরাষ্ট্রের কাছে হেরে। তাও সে কী নাটকীয় বিদায়!ম্যাচের ২ মিনিটের মাথায় নিজেদের জালে বল ঠেলে দিয়েছিলেন দাইয়ানে। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ করেন মার্তা। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতা। খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। ৯২ মিনিটে আবার মার্তার গোল। ব্রাজিল জিতেই যাচ্ছিল। কেবল শেষ বাঁশির অপেক্ষা। ঠিক সেই মুহূর্তে ১২০ মিনিট পেরিয়ে যোগ করা সময়ের ২ মিনিটে অ্যাবি ওয়ামবাচ গোল করে আবার সমতা ফেরান। খেলা গড়ায় টাইব্রেকে। আত্মঘাতী দাইয়ানে এখানেও শট মিস করেন। হেরে যায় ব্রাজিল। দুয়ো শুনতে শুনতে মাঠ ছাড়তে হয় মার্তাকে।দর্শকেরা ঠিক কেন মার্তাকে দুয়ো দিল, সেটি পরিষ্কার নয়। হয়তো বিশ্বকাপে প্রিঞ্জের সর্বোচ্চ ১৪ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন বলে জার্মানির দর্শকদের সেটা পছন্দ হয়নি। ব্রাজিল কোচ ক্লেইটন লিমাও বলছেন, ‘আমি ঠিক বুঝলাম না ওকে কেন দুয়ো দেওয়া হলো। তাঁর সৃষ্টিশীলতা আর স্টাইলের কারণেই তো বিশ্বের অন্যতম সেরা।’দুয়ো তো আসলে নিয়তিই নিয়ত দিয়ে চলেছে তাঁকে!