শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বিনিময়ের লক্ষ্যে আজ সোমবার বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত ওই সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও মালদ্বীপের পক্ষে সে দেশের শিক্ষামন্ত্রী শিফা মোহামেদ সই করেন।এই সমঝোতা স্মারক অনুযায়ী দক্ষতা উন্নয়নে প্রশিক্ষক এবং গণিত, তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান, কলা ও সংগীতসহ বিভিন্ন বিষয়ে মালদ্বীপকে শিক্ষক দেবে বাংলাদেশ। যখন বাংলাদেশ থেকে শিক্ষক ও প্রশিক্ষক যাবেন, তখন তাঁদের আন্তর্জাতিক যাতায়াত খরচ, থাকা-খাওয়ার ব্যবস্থা করবে মালদ্বীপ। সমঝোতা সই অনুষ্ঠানে মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার এ এস এম এ আউয়াল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া-বিষয়ক পরিচালক মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী নাহিদ এই চুক্তি সই করতে ২৩ ও ২৪ জানুয়ারি দুই দিনের সরকারি সফরে মালদ্বীপ যান। বিজ্ঞপ্তি