মালদ্বীপে অনেক কিছুর ‘প্রথম’ ওয়াহিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে গতকাল মঙ্গলবার শপথ নিয়েছেন মোহাম্মদ ওয়াহিদ হাসান। অশান্ত মালদ্বীপকে শান্ত করাই বর্ণাঢ্য জীবনের অধিকারী ওয়াহিদের সামনে এখন বড় চ্যালেঞ্জ। জীবনে বহু চড়াই-উতরাই পার করা ওয়াহিদ এ ব্যাপারে কতটা সফল বা ব্যর্থ হবেন—তা সময়ই বলে দেবে। তবে ছোটবেলা থেকেই দায়িত্বশীল ভূমিকা পালনে অভ্যস্ত ওয়াহিদ। রাজধানী মালের এক সাধারণ পরিবারে ১৯৫৩ সালের ৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। ছোট ছোট অনেক ভাই-বোন থাকায় ছোটবেলা থেকেই জীবিকার তাগিদে তাঁকে কাজ করতে হয়েছে।উইকিপিডিয়ার তথ্য মতে, ওয়াহিদ সত্তরের দশকে লেবাননের আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুতে পড়াশোনার সুযোগ পান। তিনি সেখানে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেন। এরপর ১৯৭৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বৃত্তি পান। ওই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি মালদ্বীপে ফেরেন। ১৯৮০ সালে মালদ্বীপের তত্কালীন প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুম সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত সাংবিধানিক পরিষদে ওয়াহিদকে নিয়োগ দেন। তবে গণতান্ত্রিক উন্নয়নের লক্ষ্যে এই পরিষদ তেমন কিছুই করতে পারেনি। আগের মতোই দেশের আইন প্রণয়ন ও বিচার বিভাগের দায়িত্ব প্রেসিডেন্টর হাতেই কুক্ষিগত ছিল। এমনকি একমাত্র ব্যক্তি নির্বাচন করতে পারবেন, এমন আইনও বহাল ছিল। সংবিধান সংশোধনে নাটকীয় কোনো সংস্কার করতে পারবেন না বুঝে তিনি মালদ্বীপ ছেড়ে উচ্চ শিক্ষার্থে ১৯৮২ সালে আবারও যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। ওই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৫ সালে তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮৭ সালে মালদ্বীপের প্রথম নাগরিক হিসেবে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।১৯৮৯ সালে ওয়াহিদ দেশে ফিরলেও গ্রেপ্তার এড়াতে দেশ ছাড়তে বাধ্য হন। দীর্ঘ এক দশকের বেশি সময় তিনি জাতিসংঘের কর্মরত ছিলেন। তিনি ছিলেন ইউনিসেফের ঊর্ধ্বতন কর্মকর্তা। জাতিসংঘের এমন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা মালদ্বীপের প্রথম নাগরিকও তিনি। একসময় রাজনীতি শুরুর পরিকল্পনা করেন ওয়াহিদ। যেমন ভাবনা, তেমন কাজ। তত্কালীন প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুমের দীর্ঘদিনের একনায়কতান্ত্রিক শাসন থেকে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিয়ে যেতে কাজ শুরু করে কিছু নতুন দল। এমন নব গঠিত দল মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) সঙ্গে যুক্ত হন তিনি। এমডিপির নেতৃত্বের দৌড়ে হেরে গেলেও তিনি প্রায় ছয় মাস ওই দলের সঙ্গে যুক্ত থেকে দলের নীতিমালা প্রণয়ন ও পরিচালনা কমিটির অন্যতম প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে ওয়াহিদ গাওমি ইত্তিহাদ পার্টি নামে নিজেই একটি রাজনৈতিক দল গঠন করেন। এই দলটি মালদ্বীপে ন্যাশনাল ইউনিটি পার্টি হিসেবেও পরিচিত। ওই বছর দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে তিনি গাওমি ইত্তিহাদ পার্টি বা ন্যাশনাল ইউনিটি পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হন। নির্বাচনের আগে তাঁর দল মোহাম্মদ নাশিদের এমডিপির সঙ্গে জোট বাঁধে। মোহাম্মদ নাশিদ প্রেসিডেন্ট ও মোহাম্মদ ওয়াহিদ হাসান ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করে জয়ী হন। আর এর মাধ্যমেই অবসান ঘটে মামুন আবদুল গাইয়ুমের ৩০ বছরের শাসনের। ২০০৮ সালের ১১ নভেম্বর তাঁরা শপথ নেন।৫৯ বছর বয়সী ওয়াহিদ তিন সন্তানের জনক। টাইমস অব ইন্ডিয়া জানায়, তিনি ১৯৭৮ সালে মালদ্বীপে টেলিভিশন মালদ্বীপ (টিভিএম) নামে রাষ্ট্রীয় টিভির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রসঙ্গত, মালদ্বীপের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ গতকাল পদত্যাগ করেছেন। কয়েক সপ্তাহ ধরে সরকারবিরোধী বিক্ষোভ এবং কিছু পুলিশ কর্মকর্তার বিদ্রোহের কারণে তিনি পদত্যাগ করেন। তাঁর পদে দায়িত্ব পালনের শপথ নেন মোহাম্মদ ওয়াহিদ হাসান। তিনি নাশিদের মেয়াদকাল অর্থাত্ ২০১৩ সালের নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।