মালদ্বীপে অভ্যুত্থানের অভিযোগ তদন্ত প্রতিবেদনে নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোরপূর্বক ক্ষমতাচ্যুত হওয়ার যে দাবি করছিলেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ, তা দেশটির তদন্ত কমিশনের প্রতিবেদনে নাকচ করা হয়েছে। আজ প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, নাশিদ স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেছেন। এদিকে গত ৭ ফেব্রুয়ারির ক্ষমতা হস্তান্তরবিষয়ক প্রতিবেদন প্রকাশকে সামনে রেখে মালদ্বীপের রাজধানী মালেতে গতকাল বুধবার সমাবেশ করেছেন নাশিদের হাজার হাজার সমর্থক। সাবেক প্রেসিডেন্টের ডাকে সাড়া দিয়ে এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন তাঁরা। এর আগে, পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি থেকে পদত্যাগ করেন নাশিদের দলের প্রতিনিধি। তিনি অভিযোগ করেছিলেন, তদন্তের ফলাফল পক্ষপাতদুষ্ট এবং অসম্পূর্ণ। আহমেদ গাহা সাইদ নামের ওই প্রতিনিধি বলেছেন, প্রতিবেদনে কিছু গুরুত্বপূর্ণ সাক্ষী, ছবি, অডিও এবং ভিডিও আমলে নেওয়া হয়নি। কমনওয়েলথ-সমর্থিত কমিশন অব ন্যাশনাল ইনকোয়্যারির ৬২-পৃষ্ঠার ওই প্রতিবেদনে ক্ষমতা হস্তান্তরের পুরো প্রক্রিয়াকে ‘ন্যায়সংগত ও সাংবিধানিক’ বলে অভিহিত করা হয়েছে।বিবিসির খবরে বলা হয়, সাবেক প্রেসিডেন্টের ক্ষমতা থেকে সরে যাওয়ার প্রতিবেদন প্রকাশকে কেন্দ্র করে মালদ্বীপজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পুলিশকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। প্রসঙ্গত, সংস্কারবাদী নেতা মোহাম্মদ নাশিদ ছিলেন মালদ্বীপের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট। চলতি বছরের ফেব্রুয়ারিতে মালদ্বীপের রাজধানীতে পুলিশ ও সেনা বিদ্রোহের পর ক্ষমতা থেকে সরে দাঁড়ান তিনি। নাশিদের দাবি, জোরপূর্বক ক্ষমতাচ্যুত করা হয়েছে তাঁকে। তবে বর্তমান প্রেসিডেন্ট ও বিগত সরকারের ভাইস-প্রেসিডেন্ট ওয়াহিদ হাসান মানিক বলেছেন, বিরোধীদের বিক্ষোভের পর স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাশিদ।