মালদ্বীপে নির্ধারিত সময়ে প্রেসিডেন্ট নির্বাচনের অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপে নির্ধারিত সময় অনুযায়ী ২০১৩ সালের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনার কথা জানিয়েছেন নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ হাসান। একই সঙ্গে দেশটিতে আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকারও ব্যক্ত করেছেন তিনি। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।কয়েক সপ্তাহ ধরে সরকারবিরোধী বিক্ষোভ এবং কিছু পুলিশ কর্মকর্তার বিদ্রোহের কারণে মালদ্বীপের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ গতকাল মঙ্গলবার পদত্যাগ করেন। নাশিদের পদত্যাগের পর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ হাসান প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। তিনি নাশিদের মেয়াদকাল অর্থাত্ ২০১৩ সালের নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর মোহাম্মদ ওয়াহিদ হাসান দেশটিতে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নতুন সরকার গঠন ও নির্ধারিত সময় অনুযায়ী ২০১৩ সালের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বিবিসিকে বলেন, ‘২০১৩ সালে নির্বাচন হবে। স্রষ্টার ইচ্ছায় আমি একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের চেষ্টা করব এবং মালের রাস্তা-ঘাটে শান্তি-শৃঙ্খলা বজায় ও আইনের শাসন নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে কাজ করব।’ মোহাম্মদ ওয়াহিদ আরও বলেন, ‘পদত্যাগ করে নাশিদ উদার মনের পরিচয় দিয়েছেন। তিনি জনগণের আহ্বানে সাড়া দিয়েছেন এবং রক্তপাত প্রতিরোধে তিনি সাহায্য করেছেন।’ এদিকে সদ্য পদত্যাগকারী প্রেসিডেন্ট নাশিদের মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) দেশটির বিরোধী দলের বিরুদ্ধে অভ্যুত্থান সংঘটনের অভিযোগ তুলেছে। দলটি এক বিবৃতিতে দাবি করেছে, ‘পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় বিরোধী দল প্রেসিডেন্টকে পদত্যাগের সময়সীমা বেঁধে দেয়। পদত্যাগ না করলে রাজধানী মালেতে রক্তের বন্যা বইয়ে দেওয়ার হুমকি দেয় তারা। সহিংসতা এড়িয়ে দেশের জনগণকে রক্ষা করতেই অনিচ্ছা সত্ত্বেও নাশিদ পদত্যাগ করেছেন।’দলটি নাশিদ ও তাঁর সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিরাপত্তার ব্যাপারেও আশঙ্কা প্রকাশ করছে। গত মাসে এক জ্যেষ্ঠ বিচারককে গ্রেপ্তারের ঘটনায় দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা শুরু হয়। এরই জের ধরে গতকাল মঙ্গলবার পুলিশ বিদ্রোহ ঘটে।