মালদ্বীপে প্রেসিডেন্টের শপথ নিলেন ওয়াহেদ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহেদ। এর আগে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ পুলিশ বিদ্রোহের মুখে পদত্যাগ করার পর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহেদ হাসান মানিকের কাছে ক্ষমতা হস্তান্তর করেন।বার্তা সংস্থা রয়টার্স জানায়, পদত্যাগ করার সময় মোহাম্মদ নাশিদ টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমি পদত্যাগ করলে তা দেশের জন্য মঙ্গলজনক হবে। আমি কঠোর হাতে দেশ পরিচালনা করতে চাই না। আমি পদত্যাগ করছি।’প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে দেশের জনগণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়।

কয়েক সপ্তাহ ধরে বিরোধীদের নেতৃত্বাধীন বিক্ষোভের জের ধরে আজ মঙ্গলবার দেশটির রাজধানী মালেতে পুলিশ বিদ্রোহের ঘটনা ঘটে। এরই পরিপ্রেক্ষিতে মোহাম্মদ নাশিদ তাঁর পদত্যাগের ঘোষণা দেন। গত মাসে দেশটির জ্যেষ্ঠ এক বিচারককে গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে মালদ্বীপে রাজনৈতিক অস্থিতিশীলতা শুরু হয়।মোহাম্মদ নাশিদের পদত্যাগের ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেছে দেশটির প্রধান বিরোধী দল প্রগ্রেসিভ পার্টি অব দ্য মালদ্বীপ। দেশটির সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুমের মেয়ে এবং প্রগ্রেসিভ পার্টি অব দ্য মালদ্বীপের সদস্য দুনাইয়া মামুন এ পদত্যাগের ঘোষণাকে স্বাগত জানিয়ে একে দেশের জন্য মঙ্গলজনক বলে মন্তব্য করেছেন। দুনাইয়া মামুন জানিয়েছেন, নাশিদ এখন সেনা হেফাজতে আছেন।মালদ্বীপের দীর্ঘদিনের প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুমের বিরুদ্ধে ২০০৮ সালের নির্বাচনে জয় লাভ করেন মোহাম্মদ নাশিদ। মোহাম্মদ নাশিদের পদত্যাগের ঘোষণার আগে বিদ্রোহী পুলিশেরা দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন দখল করেন।ওই সময় প্রেসিডেন্ট নাশিদের একজন মুখপাত্র জানান, প্রেসিডেন্ট মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে (এমএনডিএফ) নিরাপদে এবং সেনাবাহিনীর হেফাজতে আছেন।এ সময় বিদ্রোহী পুলিশ কর্মকর্তাদের সঙ্গে জাতীয় প্রতিরক্ষা বাহিনীর কিছুসংখ্যক সদস্যও সদর দপ্তরের বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন।নাশিদের সরকার আজ সকালে বিক্ষোভকারী বিরোধীদের ছত্রভঙ্গ করার নির্দেশ দিলে পুলিশ তা অমান্য করে বিদ্রোহ করে।