মালদ্বীপে স্পা বন্ধের নির্দেশ
বিরোধীদের দাবির মুখে মালদ্বীপ সরকার দেশটির বিলাসবহুল অবকাশযাপন কেন্দ্রগুলোতে স্পা বন্ধ করার নির্দেশ দিয়েছে। স্পাকে ‘ইসলামবিরোধী’ উল্লেখ করে দেশটির বিরোধী দল এটি বন্ধ করার দাবি জানানোর এক সপ্তাহের মাথায় সরকার এ নির্দেশ দিল।টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গত সপ্তাহে বিরোধী দলের কয়েক হাজার সমর্থক স্পাসহ ‘ইসলামবিরোধী’ কর্মকাণ্ড বন্ধের দাবিতে বিক্ষোভ করে। তাদের অভিযোগ, ইসলামের নীতি পালনের ক্ষেত্রে প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের সরকার উদাসীনতা দেখাচ্ছে। তারা দেশটিতে ইসলামী আইন কঠোর করার দাবি জানায়।মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে গতকাল শুক্রবার বলা হয়েছে, সরকার মালদ্বীপে ম্যাসেজ পার্লার ও স্পা কেন্দ্রগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা বলেছেন, পর্যটন মন্ত্রণালয় অবকাশ কেন্দ্রগুলোকে সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। তবে এসব স্থানে স্পা বন্ধ হয়েছে কি না, তা তিনি নিশ্চিত করতে পারেননি।প্রসঙ্গত, সুন্নি ইসলাম মালদ্বীপের রাষ্ট্রধর্ম এবং দেশটিতে অন্য কোনো বিশ্বাসের চর্চা নিষিদ্ধ।