মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তার হওয়ার এক দিন পর আজ মঙ্গলবার ছাড়া পেলেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। মালদ্বীপের দক্ষিণাঞ্চল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। আজ রাজধানী মালের একটি অপরাধ আদালতে হাজির হওয়ার পর ছাড়া পান তিনি। নাশিদের দল ‘মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি’র (এমডিপি) মুখপাত্র হামিদ আবদুল গফুর বলেন, ‘তিনি (নাশিদ) এখন মুক্ত। আগামীকাল (বুধবার) তিনি দক্ষিণাঞ্চলীয় দ্বীপপুঞ্জে প্রচারণায় আমাদের সঙ্গে যোগ দেবেন।’দ্য হিন্দুর খবরে বলা হয়, মালের কাছে হুলহুমালে নামে একটি বড় দ্বীপের একজন ম্যাজিস্ট্রেট নাশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ পরোয়ানায় গ্রেপ্তার হওয়া নাশিদ আজ মালের একটি আদালতে হাজির হন। তবে মালের আদালতে তাঁর হাজির হওয়ার কারণ সম্বন্ধে বিস্তারিত কিছু জানা যায়নি।এদিকে নাশিদের সঠিক বিচার পাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে এমডিপি। দলটির এক বিবৃতিতে বলা হয়েছে, মালদ্বীপে সাবেক প্রেসিডেন্টের সঠিক বিচার হওয়ার কোনো সুযোগ নেই। এমনকি নাশিদের আইনজীবীরাও ‘অস্বাভাবিক’ উপায়ে তাঁর বিচার হচ্ছে বলে অভিযোগ করেছেন।