মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের বিরুদ্ধে আবার একটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মালদ্বীপ পুলিশ আজ সোমবার এ তথ্য জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে। আদালতে হাজিরা দিতে ব্যর্থ হওয়ায় গ্রেপ্তার এড়াতে গত বুধবার নাশিদ মালদ্বীপে ভারতীয় হাইকমিশনে আশ্রয় নেন। ওই দিন টুইটারে নাশিদ লেখেন, ‘নিজের নিরাপত্তা ও দেশের স্থিতিশীলতার স্বার্থে আমি ভারতীয় হাইকমিশনে আশ্রয় নিয়েছি।’ প্রেসিডেন্ট থাকাকালে ক্ষমতার অপব্যবহার করেছেন বলে মালদ্বীপের প্রশাসনিক বিচারব্যবস্থার নজরদারিবিষয়ক প্রতিষ্ঠান জুডিশিয়াল সার্ভিস কমিশন (জেএসসি) নাশিদের বিরুদ্ধে অভিযোগ আনে। এ ঘটনায় জেরা করার জন্য ১০ ফেব্রুয়ারি নাশিদকে আদালতে তলব করা হয়। আদালতে হাজিরা দিতে ব্যর্থ হওয়ায় রাজধানীর অদূরে হুলহুমালি দ্বীপের একটি হাকিম আদালত গত সোমবার নাশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতের জারি করা নতুন পরোয়ানায় নাশিদকে গ্রেপ্তার করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী বুধবার স্থানীয় সময় বিকেল চারটায় তাঁকে আদালতে হাজির করতে বলা হয়েছে।মালদ্বীপ পুলিশের মুখপাত্র হাসান হানিফ বলেন, ‘নাশিদকে গ্রেপ্তারের জন্য আমরা আদালতের আদেশ পেয়েছি। এ ব্যাপারে আমরা আন্তর্জাতিক নিয়মকানুন (প্রোটোকল) অনুসরণ করব। আমরা হাইকমিশনের ভেতরে ঢুকব না।’গণতন্ত্রপন্থী সাবেক এই প্রেসিডেন্ট গত বছর আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন। ২০০৮ সালে দেশের ইতিহাসে প্রথম অবাধ নির্বাচনে জয়ী হন তিনি। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাঁর বিরুদ্ধে গণ-আন্দোলন হয়েছিল। তবে নাশিদের অভিযোগ, সাবেক স্বৈরশাসক মামুন আবদুল গাইয়ুমের উসকানিতে গত বছর তাঁর বিরুদ্ধে অভ্যুত্থান হয়। অবশ্য বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ এ অভিযোগ অস্বীকার করে আসছেন। ওয়াহিদ ছিলেন প্রেসিডেন্ট নাশিদের ডেপুটি। চলতি বছরের ৭ সেপ্টেম্বর মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনের কথা রয়েছে। নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ করার জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানিয়েছেন নাশিদ। তবে দোষী সাব্যস্ত হলে ওই নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি। নাশিদের মালদিভিয়ান ডেমেক্রেটিক পার্টি দাবি করেছে, সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।