মালদ্বীপের সেই বিচারক মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপে গ্রেপ্তার হওয়া অপরাধ আদালতের প্রধান বিচারপতি আবদুল্লাহ মোহামেদকে গতকাল মঙ্গলবার রাতে ছেড়ে দেওয়া হয়েছে। মালদ্বীপের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের পদত্যাগের কয়েক ঘণ্টা পরই তাঁকে ছেড়ে দেওয়া হয়। দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, নাশিদের ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়ার পেছনে এই বিচারককে গ্রেপ্তারের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রেসিডেন্ট নাশিদ দুর্নীতির অভিযোগে ওই বিচারককে গ্রেপ্তারের নির্দেশ দেন। তবে গুঞ্জন আছে, নাশিদের অনুগত পুলিশের হাতে গ্রেপ্তার এক বিরোধী রাজনীতিবিদকে বিচারক আবদুল্লাহ মুক্তি দেন। সেনা কর্মকর্তারা আবদুল্লাহ মোহামেদকে গ্রেপ্তার করলে দেশটিতে সংকট শুরু হয়। এর জেরে কয়েক সপ্তাহ ধরে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ এবং কিছু পুলিশ কর্মকর্তার বিদ্রোহের কারণে নাশিদ পদত্যাগে বাধ্য হন।এদিকে সদ্য ক্ষমতা ছাড়া মোহাম্মদ নাশিদের দলের নেতা-কর্মীদের প্রতি কোনো ধরনের নিপীড়ন-হয়রানি না চালাতে কর্তৃপক্ষের প্রতি আজ বুধবার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক স্যাম জারিফি বলেন, গত কয়েক দিনের রাজনৈতিক স্থবিরতা জবাবদিহিতা ও আইনের শাসন ভেঙেছে। দেশটির সব নাগরিকের অধিকার সমানভাবে রক্ষিত হবে এবং তাদের রাজনৈতিক পরিচয় এখানে বিবেচ্য হবে না, নতুন সরকারকে অবশ্যই এটা নিশ্চিত করতে হবে। প্রসঙ্গত, সাবেক প্রেসিডেন্ট নাশিদের দল মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) কমপক্ষে তিনজন জ্যেষ্ঠ নেতাকে গত সোমবার রাতে পুলিশ ও বিরোধী দলের সমর্থকেরা পিটিয়েছে।