মালদ্বীপের স্পা ইস্যু আদালতে গড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের বিলাসবহুল হোটেল ও রিসোর্টগুলোতে স্পা বন্ধ করা নিয়ে সরকার ও বিরোধী দল মুখোমুখি অবস্থান নিয়েছে। হোটেল মালিকেরাও সরকারের সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে শেষ পর্যন্ত সরকার বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে। আশা করা হচ্ছে, আদালত এ ব্যাপারে রুল ইস্যু করবেন।বিরোধীদের চাপের মুখে মালদ্বীপ সরকার দেশটির বিলাসবহুল অবকাশযাপন কেন্দ্রগুলোতে স্পা বন্ধের নির্দেশ দেয়। পাশাপাশি অ্যালকোহল ও শুকরের মাংস সরবরাহকে ইসলামবিরোধী উল্লেখ করে মালদ্বীপের বিরোধী দল আন্দোলন শুরু করলে গত সপ্তাহে দেশটির পর্যটন মন্ত্রণালয় দেশটিতে স্পা, অ্যালকোহল ও শুকরের মাংস সরবরাহ বন্ধের নির্দেশ জারি করে। মুসলিম রাষ্ট্র মালদ্বীপে সাড়ে তিন লাখ মুসলমান রয়েছে।এদিকে স্পা বন্ধের সিদ্ধান্ত অমান্য করার ঘোষণা দিয়েছেন রিসোর্টের মালিকেরা। রয়্যাল আইল্যান্ড হোটেল ও আরামু স্পা সেন্টারের মালিক মোহাম্মদ রাশেদ বলেন, ‘আমরা আজ থেকে স্পা চালু রেখেছি এবং এটি চালু থাকবে। আমি যতটুকু জানি, অন্যান্য হোটেলও স্পা সুবিধা দিয়ে যাচ্ছে।’গত সপ্তাহে বিরোধী রক্ষণশীল দল আদহেলাদ পার্টি রাজধানীতে এক সমাবেশ করে স্পা সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে পতিতাপল্লী বলে আখ্যা দেয়। এরই পরিপ্রেক্ষিতে দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ নাশিদ কামালের কার্যালয় থেকে জানানো হয়, বিরোধী দলের প্রতিবাদের কারণে স্পা সেন্টারগুলো বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। সরকারি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুঃখজনক বিষয় হচ্ছে, এই বিরোধী দলের অনেক নেতাও এসব স্পা রিসোর্টের মালিক।এদিকে সাবেক প্রধানমন্ত্রী মামুন আবদুল গাইয়ুমের বিরোধী জোট প্রোগ্রেসিভ পার্টি অব মালদ্বীপস সরকারের এই পদক্ষেপের সমালোচনা করে বলেছে, বিরোধী দলের যেসব নেতা রিসোর্ট ব্যবসার সঙ্গে জড়িত, তাঁদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলাই সরকারের লক্ষ্য। বিরোধী এই জোটের মুখপাত্র আহমেদ মাহলুফ বলেন, ‘আমরা চাই, অনৈতিক কার্যকলাপ বন্ধে সরকার সব ধরনের মদ ও ম্যাসেজ পার্লার বন্ধ করুক। কিন্তু প্রধানমন্ত্রী প্রতিহিংসাবশত কেবল বিরোধী দলের নেতাদের রিসোর্টগুলো বন্ধের নির্দেশ দিয়েছে।’এশিয়ার ছোট্ট দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের অর্থনীতি মূলত পর্যটননির্ভর। দেশটির ১৫০ কোটি ডলারের অর্থীনীতিও পর্যটন শিল্প-নির্ভর। আর মোট জাতীয় উত্পাদনে (জিডিপি) এই খাতের অবদান ৩০ শতাংশ। তবে হঠাত্ই যেন দেশটির প্রধান এই শিল্প দুর্বিপাকে পড়েছে। দেশটির সরকার বিলাসবহুল হোটেল ও রিসোর্টগুলোতে স্পা বন্ধের নির্দেশ দেওয়ায় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।প্রবাল দ্বীপ মালদ্বীপে বেড়াতে আসেন বিশ্বখ্যাত তারকা ও ধনকুবেরেরা। বেড়াতে বা মধুচন্দ্রিমায় আসা এসব দম্পতিকে এক রাত থাকার জন্য গুনতে হয় ক্ষেত্রভেদে এক হাজার থেকে ১২ হাজার ডলার পর্যন্ত। এর পাশাপাশি পরিপূর্ণ বিশ্রামের জন্য স্পার খরচ পড়ে ৬০০ ডলার। পর্যটকদের আকর্ষণ করার জন্য এসব হোটেলে আছে নানা সুযোগ-সুবিধা।