মালয়েশিয়া যাত্রা, তিন বিভাগে ১১ হাজার নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারিভাবে মালয়েশিয়ায় যাওয়ার জন্য রাজশাহী, রংপুর ও সিলেট এই তিন বিভাগের ১১ হাজার ৩৯৯ জন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম ও খুলনা বিভাগে আজ শনিবার থেকে নিবন্ধন শুরু হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) সহায়তায় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এই নিবন্ধন সম্পন্ন করছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এক্সেস টু ইনফরেশন (এটুআই) প্রকল্পের অধীনে সারা দেশের ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রগুলোতে এই নিবন্ধন চলছে। প্রত্যেক বিভাগে তিন দিনের নিবন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে কারা মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাচ্ছেন, সেটি নির্ধারিত হচ্ছে। রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ১৬ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন চলে। এই তিন বিভাগে সাড়ে পাঁচ লাখ মানুষ নাম নিবন্ধন করেছেন। আজ এই তিন বিভাগে লটারিও সম্পন্ন হয়েছে। আইআইসিটির পরিচালক এবং বুয়েটের অধ্যাপক সাইফুল ইসলাম রাতে প্রথম আলো ডটকমকে বলেন, তিন বিভাগে সুষ্ঠুভাবে লটারি সম্পন্ন হয়েছে। রাজশাহী বিভাগে চার হাজার ৬৮২ জন, রংপুরে চার হাজার ১০১ জন এবং সিলেটে দুই হাজার ৬১৬ জন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এই তিন বিভাগের প্রত্যেক জেলা প্রশাসকের কার্যালয়ে আগামীকাল রোববার লটারি হয়েছে। এর আগে লটারিতে ঢাকা বিভাগে ১১ হাজার ৫৫৬ এবং বরিশালে দুই হাজার ৫৪৫ জন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এদিকে চট্টগ্রাম ও খুলনা বিভাগে আজ থেকে নিবন্ধন শুরু হয়েছে, চলবে আগামী সোমবার পর্যন্ত। সাইফুল ইসলাম বলেন, রাত আটটা পর্যন্ত চট্টগ্রামে ৫১ হাজার ৪৬৬ জন এবং খুলনা বিভাগে ৪৭ হাজার ২৩৪ জন নিবন্ধন করেছেন। মালয়েশিয়া প্রথম দফায় বনায়ন খাতে ১০ হাজার কর্মী নেওয়ার জন্য চাহিদাপত্র পাঠিয়েছে। এই খাতে কর্মী নেওয়ার জন্যই নিবন্ধন ও লটারি হচ্ছে।