মালয়েশিয়ায় পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে
মালয়েশিয়ায় সরকারিভাবে কর্মী পাঠানোর জন্য যে সমঝোতা হয়েছে সেটিকে এ বছরের অভিবাসন খাতের সবচেয়ে বড় অর্জন বলে মনে করছে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু)। তবে টেকনাফ থেকে অবৈধভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠানো বন্ধ করা এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মানব পাচার আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে অভিবাসনবিষয়ক এই গবেষণা প্রতিষ্ঠান। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বাংলাদেশ হতে আন্তর্জাতিক শ্রম অভিবাসন-২০১২: অর্জন এবং চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক সংবাদ সম্মেলনে রামরুর প্রতিষ্ঠাতা সভাপতি তাসনিম সিদ্দিকী এই দাবি জানান। তাসনিম সিদ্দিকী বলেন, দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ২৬ নভেম্বর এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মোট পাঁচটি খাতে কর্মী নেবে মালয়েশিয়া। তবে মালয়েশিয়ার শ্রমবাজারে নারীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টির জন্য কর্মপরিকল্পনা নেওয়া উচিত। এ ছাড়া টেকনাফ থেকে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়া বন্ধ করতে সবাইকে সচেতন করার পাশাপাশি পাচারকারীদের শাস্তির ব্যবস্থা করা উচিত।সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১১ সালের চেয়ে ২০১২ সালে অভিবাসন ও রেমিট্যান্স দুটোই বেড়েছে। এ ছাড়া গত বছরের চেয়ে এবার নারী-কর্মীও বেশি গেছে। এ বছরও সবচেয়ে বেশি কর্মী গেছেন সংযুক্ত আরব আমিরাতে। ফিরে আসা কর্মীদের বিষয়ে তাসনিম সিদ্দিকী বলেন, প্রতিবছর কতজন ফিরে আসছেন সে ব্যাপারে এখনো সরকার কোনো তথ্য রাখতে পারছে না। তবে এ পর্যন্ত আউট পাস নিয়ে ১৭ হাজার ৫১৮ জন কর্মী ফিরেছেন। সংবাদ সম্মেলন আগামী দশককে অভিবাসন দশক হিসেবে ঘোষণা করা, অভিবাসন খাতকে আলাদা খাত হিসেবে চিহ্নিত করা, অভিবাসন বিষয়ে আলাদা ক্যাডার তৈরি করা, কল্যাণ তহবিলের অর্থ থেকে দৈনন্দিন খাতে খরচ না করাসহ বিভিন্ন দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে রামরুর কর্মসূচি কর্মকর্তা মেরিনা সুলতানাসহ রামরুর অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।