মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার ৬
কক্সবাজারের টেকনাফের সৈকত এলাকা থেকে আজ শনিবার ভোররাতে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন নৌপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন বলে পুলিশের অভিযোগ। অন্যজন তাঁদের সহযোগী।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উখিয়া উপজেলার পালংখালী এলাকার আবুল কাশেম (৪২), সৈয়দ আলম (৩৪), নুরুল হক (২৪), সৈয়দ ইসলাম (২২), আবুল কালাম (২৬) ও সহযোগী তাজুর মুল্লুক (৩৫)।পুলিশের ভাষ্য, টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়ার আল মনছুর হ্যাচারির পূর্ব পাশের ঝাউবাগান সৈকত এলাকা দিয়ে ২০-২৫ জন বঙ্গোপসাগর দিয়ে নৌপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। সেখান থেকে তাজুর মুল্লুকসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। অন্যরা পালিয়ে যান। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ভাষ্য, মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে তাজুর মুল্লুক তাঁদের প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার করে টাকা নেন। এরপরে ট্রলারে তুলে দেওয়ার জন্য তাঁদের সৈকতের ঝাউবাগানে জড়ো করা হয়। ট্রলারে তুলে দেওয়ার আগে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) দিদারুল ফেরদৌস প্রথম আলো ডটকমকে জানান, অবৈধভাবে মালয়েশিয়ায় মানব পাচার চেষ্টার অভিযোগে দালাল তাজুর মুল্লুক এবং ওই ট্রলারের মাঝি সৈয়দ আলম ও অলি হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে।