মালয়েশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে আটক পাঁচ শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার পুলিশ আজ শনিবার রাজধানী কুয়ালালামপুর থেকে সরকারবিরোধী পাঁচ শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাসও নিক্ষেপ করে।আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সংস্কারের দাবিতে দেশটির বিরোধী দলগুলোর জোট এ বিক্ষোভের ডাক দিয়েছে। ব্যাপক ধরপাকড় সত্ত্বেও হাজার হাজার বিক্ষোভকারী তাদের বিক্ষোভ অব্যাহত রেখেছে। বিক্ষোভকারীরা কুয়ালালামপুর স্টেডিয়ামের দিকে যাওয়ার চেষ্টা করছে।বিশ্লেষকেরা বলছেন, ২০১৩ সালে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ওপর চাপ সৃষ্টি করতেই এ বিক্ষোভের আয়োজন করা হয়েছে। পুলিশ দাবি করেছে, এ ধরনের বিক্ষোভ বেআইনি। তাই তারা আইনশৃঙ্খলা রক্ষায় সবকিছুই করবে। পুলিশ জানিয়েছে, তারা এ পর্যন্ত ৫১৪ জন বিক্ষোভকারীকে আটক করেছে।বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, বিক্ষোভের কারণে কুয়ালালামপুরে প্রধান সড়কগুলো বন্ধ হয়ে গেছে। গতকাল রাত থেকে জনপরিবহন চলাচল বন্ধ রয়েছে। শহরে বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন রয়েছে।