মালয়েশিয়ার অর্থে সেতু হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার অর্থে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা প্রায় শেষ। তাদের প্রস্তাবে পদ্মা সেতু নির্মাণ করলে ব্যয় বেড়ে যাবে অন্তত সাত হাজার ২০০ কোটি টাকা। সেতু নির্মাণের পর বিনিয়োগ করা অর্থ সুদসহ ফেরত দিতে হবে কয়েক গুণ বেশি। এ অবস্থায় প্রস্তাবটি নিয়ে না এগোনোর সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিশেষ দূত সামি ভেলুর নেতৃত্বে যে প্রতিনিধিদলটি বাংলাদেশ সরকারের সঙ্গে দর-কষাকষি করছে সেটি পদ্মা সেতুর মতো বড় প্রকল্প বাস্তবায়ন করতে পারবে কি না, সে বিষয়েই সন্দেহ তৈরি হয়েছে অর্থমন্ত্রীসহ অন্যদের মধ্যে।শ্রমবাজারের কথা বিবেচনায় নিয়ে মালয়েশিয়াকে সরাসরি না করে কীভাবে তাদের কাছ থেকে বেরিয়ে আসা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রস্তাব দিয়েছে অর্থ মন্ত্রণালয়। একই সঙ্গে কেন মালয়েশিয়ার প্রস্তাবটি বাস্তবসম্মত নয় এবং বাংলাদেশের স্বার্থের প্রতিকূলে, তা বর্ণনা করে অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীকে একটি সারসংক্ষেপ দেওয়া হয়। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার প্রধানমন্ত্রীর ওপরই ছেড়ে দেওয়া হয়েছে। কারণ মালয়েশিয়ার প্রস্তাবটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে এসেছিল। সূত্র জানায়, মালয়েশিয়ার প্রস্তাব সরাসরি বাতিল না করে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান দিয়ে তাদের আর্থিক প্রস্তাব বিশ্লেষণ করে মতামত জানানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে, মালয়েশিয়ার প্রস্তাব থেকে সরে আসার ক্ষেত্রে সে দেশের একটি সংস্থার একটি চিঠিও ভূমিকা রেখেছে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মালয়েশিয়ার ওই সংস্থা বাংলাদেশ ব্যাংককে সম্প্রতি চিঠি দিয়ে পদ্মা সেতু বিষয়ে সামি ভেলুর প্রস্তাবে সাড়া দেওয়ার ক্ষেত্রে ভেবেচিন্তে এগোনোর পরামর্শ দিয়েছে। অন্যদিকে, সামি ভেলু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পক্ষ থেকে একটি চিঠি দেখিয়েছেন যোগাযোগমন্ত্রীসহ অন্যদের। চিঠিতে পদ্মা সেতুর অর্থ সে দেশের সরকারের নিয়ন্ত্রণাধীন এক্সিম ব্যাংক থেকে দেওয়ার কথা বলা হয়েছে। সব মিলিয়ে মালয়েশিয়ার প্রস্তাব নিয়ে সরকারের মধ্যেই অস্পষ্টতা তৈরি হয়েছে। জানতে চাইলে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, মালয়েশিয়ার সঙ্গে আলোচনা ভেঙে যায়নি। অর্থমন্ত্রীও তাঁর বক্তব্যে বলেছেন, আলোচনা চলছে। মালয়েশিয়ার সঙ্গে সম্পর্কচ্ছেদ হয়ে গেছে, বিষয়টি ঠিক নয়। সবদিক বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালয়েশিয়ার প্রস্তাব: বিভিন্ন সূত্রে জানা গেছে, মালয়েশিয়া তাদের প্রস্তাবে পদ্মা সেতু বাস্তবায়নে ব্যয় দেখিয়েছে ৩৮০ কোটি মার্কিন ডলার। এর আগে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দিয়ে সরকার ব্যয় নির্ধারণ করেছিল ২৯০ কোটি মার্কিন ডলার। সর্বশেষ সরকার পুরো প্রকল্প মালয়েশিয়ার অর্থে বাস্তবায়ন না করে শুধু মূল সেতু ও নদী শাসন তাদের অর্থে করার পরিকল্পনা নেয়। এ ক্ষেত্রে মাওয়া ও জাজিরা প্রান্তের সংযোগ সড়ক ও প্রকল্প বাস্তবায়নে ভবনসহ অবকাঠামো (সার্ভিস এলাকা) নির্মাণ দেশীয় অর্থে করার পরিকল্পনা ছিল। কিন্তু মালয়েশিয়ার প্রস্তাবে মূল সেতু ও নদী শাসনের জন্য ব্যয় ধরা হয়েছে ২৯০ কোটি মার্কিন ডলার। অথচ সরকার এর আগে এই দুটির জন্য ব্যয় নির্ধারণ করেছিল ২০০ কোটি মার্কিন ডলার। মালয়েশিয়া বলেছে, সরকারকে প্রথমে ৬০ কোটি মার্কিন ডলার দিতে হবে। বাকি অর্থ চীন ও মালয়েশিয়া থেকে নেওয়া হবে। অর্থ সংগ্রহ এবং নির্মাণকাজ করার জন্য তারা চীনের চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানির (সিসিসিসি) নাম প্রস্তাব করেছে। এই প্রতিষ্ঠানকে বিশ্বব্যাংক কালো তালিকাভুক্ত করেছে গত বছর। এ ছাড়া মালয়েশিয়া তাদের বিনিয়োগ করা অর্থের সুদের হার কী হবে তা সরাসরি উল্লেখ করেনি। তবে তারা কোন যানবাহনের জন্য কী পরিমাণ টোল আদায় করা হবে, তার একটা রূপরেখা দিয়েছে। সেতু বিভাগ হিসাব করে দেখেছে, তাদের দেওয়া হিসাব অনুযায়ী ১৫ বছর পর বাংলাদেশ সরকারের কাছে মালিকানা হস্তান্তর করলে তাদের প্রায় ৯০০ কোটি এবং ৩০ বছর পর করলে ১২০০ কোটি মার্কিন ডলার ফেরত দিতে হবে। প্রাপ্ত টোলের ৭৫ ভাগ নেবে মালয়েশিয়া এবং ২৫ ভাগ বাংলাদেশের। মালয়েশিয়ার ভাগের টাকায় যদি বিনিয়োগ করা অর্থ না ওঠানো যায় তাহলে সরকারকে ভর্তুকি দিতে হবে, এমনটাই আছে প্রস্তাবে।আগামী ২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শরীয়তপুর গিয়ে পদ্মা সেতু প্রকল্পের অধীনে প্রায় ৯৬ কোটি টাকার নদী রক্ষা কাজের উদ্বোধন করবেন। সেখানেই পদ্মা সেতুতে কীভাবে অর্থায়ন হবে এবং তা কীভাবে বাস্তবায়ন করা হবে তার রূপরেখা ঘোষণা করার কথা রয়েছে।সেতু বিভাগের কর্মকর্তা ও বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে জানা গেছে, পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে সবচেয়ে বড় ভাবনার বিষয় হচ্ছে বৈদেশিক মুদ্রা। কারণ সেতু নির্মাণে বিশেষজ্ঞ নিয়োগ থেকে শুরু করে মালামাল, সরঞ্জাম ও প্রযুক্তির পুরোটাই বিদেশ থেকে আমদানি করতে হবে। এ ক্ষেত্রে সংযোগ সড়ক ও সার্ভিস এলাকা বৈদেশিক মুদ্রা ছাড়াই নির্মাণ করা সম্ভব হবে।সেতু বিভাগ সূত্র জানায়, মূল সেতু ও নদী শাসনের জন্য বৈদেশিক মুদ্রা পেতে দেরি হলে সরকার সংযোগ সড়ক ও সার্ভিস এলাকা নির্মাণের কাজ শুরু করে দেবে নিজস্ব অর্থায়নে। জাজিরা প্রান্তের সংযোগ সড়ক নির্মাণে আবদুল মোনেম লিমিটেডকে ঠিকাদার হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে সেতু বিভাগ। শিগগিরই সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য পাঠানো হবে বলে জানা গেছে।