মালয়েশিয়ার দূতাবাসে ১০০ জনের ভিসার আবেদন
সরকারিভাবে কর্মী পাঠানোর জন্য ঢাকার মালয়েশিয়া দূতাবাসে আজ মঙ্গলবার ১০০ জনের ভিসার আবেদন জমা দেওয়া হয়েছে। কাল বুধবার আরও ১০০ জনের ভিসার আবেদন জমা দেওয়া হবে। সরকার আশা করছে, সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তায়ই কর্মী যাওয়া শুরু করবেন। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) সূত্রে এ তথ্য জানা গেছে। বিএমইটির কর্মকর্তারা বলছেন, গত সপ্তায় মালয়েশিয়া ঢাকাকে জানিয়েছিল, তারা ২০০ জনের ভিসার অনুমতিপত্র (ভিসা উইথ রেফারেন্স-ভিডব্লিউআর) পাঠানোর প্রক্রিয়া শেষ করেছে। এরপর সে অনুযায়ী কর্মকর্তারা আবেদনপত্রসহ সবকিছু পূরণ করে রাখেন। আজ দুপুরে ভিডব্লিউআর আসার পরপরই ১০০ জনের ভিসার আবেদন দিয়ে আসা হয় ঢাকায় মালয়েশিয়ার দূতাবাসে। কাল বুধবার তাঁদের ভিসা পাওয়া যাবে। এ ছাড়া বাকি ১০০ জনের আবেদনও কাল জমা দেওয়া হবে। তবে ভিসা পেলেও সেটি কোনো কর্মীকে হস্তান্তর করা হবে না। বরং কোন তারিখে নিয়োগকর্তারা কর্মীদের গ্রহণ করতে পারবেন, সে অনুযায়ী তারিখ ঠিক করে প্লেনের টিকিট করা হবে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান আজ রাতে প্রথম আলো ডটকমকে জানান, ‘সবকিছু চূড়ান্ত। আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকেই কর্মীরা মালয়েশিয়ায় যাওয়া শুরু করবে। তবে আমরা এখনো সুনির্দিষ্ট করে কোনো তারিখ বলছি না। তবে ২৫ থেকে ২৭ এপ্রিলের মধ্যেই তারা যাবে।’ ২০০৯ সালের মার্চে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। দীর্ঘ কূটনৈতিক যোগাযোগের পর গত বছরের ২৬ নভেম্বর দুই দেশের মধ্যে সরকারিভাবে কর্মী পাঠানোর বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পাঁচটি খাতে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটি। ৩০ ডিসেম্বর মালয়েশিয়া প্রথম দফায় বনায়ন খাতের জন্য ১০ হাজার কর্মী নিয়োগের চাহিদাপত্র পাঠায়। এরপর সারা দেশে নিবন্ধন শুরু করে সরকার। গত ১৩ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত সারা দেশে সফলভাবে নিবন্ধনপ্রক্রিয়া শেষ হয়। মাত্র ৪০ হাজার টাকা খরচে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পেতে সারা দেশের বিপুলসংখ্যক মানুষ এতে আগ্রহী হন। মোট ১৪ লাখ ৪২ হাজার ৭৭৬ জন নাম নিবন্ধন করান। তাঁদের মধ্যে থেকে ৩৬ হাজার ৩৮ জন প্রাথমিকভাবে নির্বাচিত হন। এর মধ্যে লটারিতে ১০ হাজার ৫৭৮ জনকে নির্বাচিত করা হয়, যাঁদের প্রথম দফায় মালয়েশিয়া যাওয়ার কথা। বিএমইটি সূত্রে জানা গেছে, নির্বাচিত এই সাড়ে ১০ হাজার কর্মীর স্বাস্থ্য পরীক্ষা, প্রশিক্ষণসহ সব কার্যক্রম ফেব্রুয়ারিতেই সম্পন্ন হয়েছে।