মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে ভোট শুরু
মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে আজ রোববার ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে প্রধান দুই জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে বিরোধী জোটের জয়লাভের একটা সম্ভাবনা তৈরি হয়েছে বলে আভাস পাওয়া গেছে।বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।বিশ্লেষকেরা বলছেন, আজকের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিদায়ী প্রধানমন্ত্রী নাজিব রাজাকের নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ফ্রন্ট ও সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন বিরোধী জোট পিপলস অ্যালায়েন্সের মধ্যে। দুই জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও নির্বাচনে বিরোধী জোটের জয়লাভের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। ৫৬ বছরের শাসনামলের মধ্যে এবারই প্রথম বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে ক্ষমতাসীন ন্যাশনাল ফ্রন্ট।গত শুক্রবার জরিপকারী প্রতিষ্ঠান মারদেকা সেন্টারের জরিপের ফলাফলে দেখা যায়, ২২২ আসনের পার্লামেন্টে আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন বিরোধী জোট ৮৯টি আসন পাবে। অন্যদিকে নাজিব রাজাকের জোট পাবে ৮৫ আসন। ৪৬ আসনে দুই জোটের প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। অন্য দুটি আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হতে পারে বলে জরিপে উল্লেখ করা হয়েছে। মালয়েশিয়ার সংবিধান অনুযায়ী সরকার গঠন করতে মোট ১১২টি আসন প্রয়োজন হয়।মারদেকা সেন্টারের পরিচালক ইব্রাহিম সুফিয়ান বলেন, নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, তা বলা কঠিন। হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার বিষয়টি নির্ভর করবে অনিশ্চিত ৪৬টি আসন কোন জোটের পক্ষে যায় তার ওপর।গত পার্লামেন্টে নাজিব রাজাকের ন্যাশনাল ফ্রন্টের দখলে ১৩৫ আসন ছিল। আনোয়ার ইব্রাহিমের পিপলস অ্যালায়েন্স পেয়েছিল ৭৫টি আসন।একসময় ন্যাশনাল ফ্রন্টের নেতা ছিলেন আনোয়ার ইব্রাহিম। ১৯৯৮ সালে তত্কালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে ক্ষমতার লড়াইয়ে জড়িয়ে পড়েন তিনি। একপর্যায়ে সমকামিতার অভিযোগে তাঁকে ছয় বছর কারাভোগ করতে হয়। ২০০৪ সালে মুক্তি পেয়ে বিরোধী দলের রাজনীতিতে সম্পৃক্ত হন তিনি। এরপর নিজেকে ন্যাশনাল ফ্রন্টের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠা করেন।