মালামাল ওঠানো-নামানো ইজারায় অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের আমলেই ‘শ্রম যার ঘাট তার’ নীতিমালার ভিত্তিতে সদরঘাট লঞ্চ টার্মিনালে মালামাল ওঠানো-নামানোর ইজারা দেওয়ার নিয়ম করা হয়। সে অনুযায়ী ঘাটের শ্রমিকদের এ দায়িত্ব পাওয়ার কথা। কিন্তু নৌমন্ত্রী নিয়ম ভেঙে কম টাকায় জাহাজমালিকদের এ ইজারা দিয়েছেন।নীতিমালা ভেঙে ইজারা দেওয়ায় সরকার একদিকে রাজস্ব কম পাচ্ছে, অন্যদিকে শ্রমিকদের মধ্যে অসন্তোষও সৃষ্টি হয়েছে।সদরঘাটে ‘বিশেষ ক্ষেত্রে’ নির্দিষ্ট মূল্যের মালামাল ওঠানো-নামানো (লেবার হ্যান্ডলিংয়ের) এ ইজারা পদ্ধতি চালু হয় ২০১০ সালে। প্রণয়ন করা হয় ‘শ্রম যার ঘাট তার’ নীতিমালা। কিন্তু নৌমন্ত্রী নীতিমালা ভেঙে গত দুই অর্থবছরে (২০১০-১১ ও ২০১১-১২) ঘাটের ইজারা দিয়েছেন জাহাজমালিক আলমগীর-আতাউর চক্রকে। ২০১২-১৩ অর্থবছরেও এসব জাহাজমালিককে ইজারা দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।অভিযোগ রয়েছে, ওই জাহাজমালিকেরা ১৯৯৯-২০০০, ২০০০-২০০১ ও ২০০৯-১০ অর্থবছরে সদরঘাট ইজারা নিয়ে সরকারের তিন কোটি ৪৭ লাখ টাকা আত্মসাৎ করেছেন। অন্যদিকে সাধারণ যাত্রীদের মালামাল পরিবহন ইজারামুক্ত রাখা হলেও সে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন যাত্রীরা। তাঁদের হাতে নানাভাবে যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন।২০১২-১৩ সালের ইজারা প্রক্রিয়ার নথিপত্রে জানা গেছে, জাহাজ ব্যবসায়ী আলমগীর হোসেন ও আতাউর রহমানের ২২ এপ্রিলের আবেদনপত্রে নৌমন্ত্রী সুপারিশ করে রেখেছেন ৮ এপ্রিল। আবেদনপত্র জমা দেওয়ার ১৪ দিন আগে সুপারিশ করলেও এটা কোনো অনিয়ম নয় বলে দাবি করেছেন নৌমন্ত্রী। তিনি প্রথম আলোকে বলেন, সুপারিশ হয়তো আগে কোনো কাগজে নিয়ে রেখেছে, এটা কেন অনিয়ম হবে? সুপারিশ যে কেউ যেকোনো সময় নিতে পারেন। এর সঙ্গে আবেদনের কোনো সম্পর্ক নেই।২০১২-১৩ অর্থবছরের জন্য গত এপ্রিল মাসে সদরঘাটে মালামাল ওঠানো-নামানোর (লেবার হ্যান্ডলিংয়ের) ইজারা দেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। ‘বিশেষ ক্ষেত্রে’ এবার সদরঘাটের লেবার হ্যান্ডলিংয়ের ট্যাক্স-ভ্যাট ইজারা মূল্য নির্ধারণ করা হয় আড়াই কোটি টাকা। ইজারার আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৩ এপ্রিল।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, ২০০৮-০৯ সালে দরপত্রের মাধ্যমে সদরঘাটের মালামাল পরিবহনের জন্য সাড়ে তিন কোটি টাকায় এবং ২০০৯-১০ সালে তিন কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকায় ইজারা দেওয়া হয়। কিন্তু ২০১০-১১ অর্থবছরে দরপত্র ছাড়া আলমগীর হোসেনের নৌবন্দর ঘাট শ্রমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নামে মাত্র এক কোটি ৭৫ লাখ টাকায় ইজারা দেওয়া হয়। ২০১১-১২ অর্থবছরেও দরপত্র ছাড়া ওই সমিতিকে মাত্র দুই কোটি ১০ লাখ টাকায় ইজারা দেওয়া হয়। এসব অর্থবছরে সরকার প্রায় আড়াই কোটি টাকা রাজস্ব হারিয়েছে।সদরঘাটে সরেজমিনে গিয়ে জানা গেছে, এই আলমগীর হোসেন নৌবন্দর ঘাট শ্রমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি। তিনি এমভি মুলাদী, এমভি ফুয়াদ (১), এমভি ফুয়াদ (২) নামের তিনটি মালবাহী জাহাজ ও ফারুক ডকইয়ার্ডের মালিক।মালিক হয়ে শ্রমিকের নামে আবেদন করা প্রসঙ্গে জানতে চাইলে আলমগীর হোসেন কোনো কথা বলতে অস্বীকৃতি জানান।শ্রমিক সংগঠনের নামে সমবায় সমিতির নিবন্ধন নেওয়ার বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা সমবায় কর্মকর্তা মো. গালিব খান বলেন, ‘কে শ্রমিক, কে শ্রমিক নয় সেটা আমার দেখার বিষয় নয়।’ বাংলাদেশের নাগরিক হলেই যে কেউ শ্রমিক হিসেবে সমবায় সমিতির নিবন্ধন পেতে পারেন। সমিতির যে ঠিকানা দেওয়া হয়েছে, সেখানে নৌবন্দর ঘাট শ্রমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কোনো সাইনবোর্ড নেই কেন জানতে চাইলে তিনি বলেন, এটি পরিদর্শকের ব্যাপার। বিআইডব্লিউটিএর একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কর্তৃপক্ষ যাত্রীদের মালামাল পরিবহনের জন্য মজুরি নির্ধারণ করে দিলেও ইজারাদারেরা সেটা মানেন না। জোর করেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। ইজারাদারেরা নৌপরিবহনমন্ত্রীর ঘনিষ্ঠ বলে এসব বিষয়ে কোনো ধরনের পদক্ষেপও নেওয়া যায় না। কারণ, নৌমন্ত্রীর সুপারিশেই এসব ইজারাদার প্রতিবার ইজারা পাচ্ছেন।শ্রমিককে না দিয়ে কেন জাহাজমালিককে ইজারা দেওয়া হচ্ছে, জানতে চাইলে নৌমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘সে জাহাজমালিক, তা তো আমি জানি না। আমি তাকে নৌবন্দর ঘাটশ্রমিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি হিসেবে চিনি।’একই বিষয়ে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. শামছুদ্দোহা খন্দকার বলেন, ইজারা কমিটির তিনি একজন সদস্য। তাই এ ক্ষেত্রে তাঁর মতামত দেওয়ার কোনো সুযোগ নেই।এদিকে ঘাট শ্রমিক লীগ এ বিষয়ে হাইকোর্টে পিটিশন মামলা করেছে। এতে বলা হয়, শ্রমিক না হয়েও জাহাজমালিক আলমগীর হোসেন ‘ঢাকা নৌবন্দর ঘাট শ্রমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি সমিতি খুলেছেন এবং তিনি এর সভাপতি হয়ে ঘাট ইজারাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিচ্ছেন। শ্রমিক লীগের পক্ষ থেকে ওই সমিতির নিবন্ধন বাতিল করার আবেদন করা হয়। হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করেছেন।