মালালা আহত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রীর ঘৃণা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের উদ্দেশে বলেছেন, ‘সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলো। কারণ, শিশুরাই এ দেশের ভবিষ্যত্ কর্ণধার।’শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনা এ কথা বলেন। খবর ইউএনবির।শেখ হাসিনা বলেন, ‘তোমরাই (শিশুরা) এ দেশের ভবিষ্যত্ নেতা হবে। আমার দৃঢ় বিশ্বাস, আমরা ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করব। আর সুশিক্ষিত হয়ে তোমাদেরই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’ তিনি বলেন, তাঁর সরকার শিশুদের নিরাপত্তা রক্ষা, শিশু পাচার ও শিশুশ্রম রোধ এবং বাল্যবিবাহ বন্ধের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শিশুদের উদ্দেশে বলেন, ‘একদিন হয়তো তোমাদের মধ্য থেকেই কেউ দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে। আমরা একটি শিক্ষিত, আধুনিক এবং বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর জাতি গড়তে চাই।’ শিশুদের প্রতি তিনি আরও বলেন, ‘কখনো দরিদ্র ও প্রতিবন্ধী শিশুদের অবহেলা করবে না। তাদের সব সময় সাহায্য করার চেষ্টা করবে।’পাকিস্তানের নারীশিক্ষা অধিকারকর্মী কিশোরী মালালা ইউসুফজাই তালেবানদের গুলিতে আহত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী ঘৃণা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমরা চাই শিশুরা সঠিকভাবে তাদের পড়াশোনা শেষ করে বঙ্গবন্ধুর “সোনার বাংলা” গড়ার স্বপ্ন বাস্তবে রূপ দেবে।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, দেশে খাদ্যনিরাপত্তা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ, শিশুদের বিদ্যালয়মুখী করা ও মেধাবীদের খুঁজে বের করতে তাঁর সরকার বদ্ধপরিকর। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম রকিবুর রহমান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাত, শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সেক্রেটারি জেনারেল মাহমুদ-উস-সামাদ চৌধুরী, পরিষদের উপদেষ্টা এম সিরাজুল ইসলাম মোল্লা প্রমুখ।