মালালা এখন শঙ্কামুক্ত
তালেবানদের গুলিতে আহত পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের অকুতোভয় কর্মী মালালা ইউসুফজাই এখন শঙ্কামুক্ত। যুক্তরাজ্যের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকেরা আজ শুক্রবার এ খবর জানিয়েছেন।এক বিবৃতি চিকিৎসকেরা জানিয়েছেন, এই (আজ) সকালে মালালার অবস্থা অনেকটাই ‘স্বস্তিকর’ ও ‘স্থিতিশীল’। এতে বলা হয়, কুইন এলিজাবেথ ও বার্মিংহাম চিলড্র্রেনস হাসপাতালের কয়েকজন চিকিৎসক মালালার দেখভাল করছেন। মালালার পরিবার বর্তমানে পাকিস্তানে আছে বলেও বিবৃতিতে বলা হয়। সম্প্রতি গুলিবিদ্ধ হওয়ার পর পাকিস্তানে মালালার অস্ত্রোপচার করা হয়। গত সোমবার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়া হয় ১৪ বছর বয়সী এ কিশোরীকে। যুক্তরাজ্যের হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে ভয়াবহ আঘাত থেকে নিষ্কৃতি দিতে ফের একটি অস্ত্রোপচারের চিন্তা করছেন।কুইন এলিজাবেথ কর্তৃপক্ষের বিবৃতিতে আরও বলা হয়, চিকিৎসা নিতে মালালা যুক্তরাজ্যে যাওয়ার পর থেকেই তাঁর সমর্থনে অনেক বার্তা পাঠিয়েছে শুভাকাঙ্ক্ষীরা। হাসপাতাল ট্রাস্টের ওয়েবসাইটে এ পর্যন্ত প্রায় আড়াই হাজার বার্তা এসেছে।পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোয়াত জেলায় স্কুলে যাওয়ার সময় দুজন সহপাঠীসহ ১০ দিন আগে হামলার শিকার হন মালালা। এ হামলার পর পাকিস্তানের সামরিক হাসপাতালে ভর্তি করা হয় মালালাকে। সেখানে অস্ত্রোপচারের পর নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে উন্নত চিকিত্সার্থে সংযুক্ত আরব আমিরাতের একটি এয়ার অ্যাম্বুলেন্সে তাকে যুক্তরাজ্যে পাঠানো হয়। ‘টাইমস অব ইন্ডিয়া’।